গ্যাস সংকটে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গ্যাস সমস্যার সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই উৎপাদন পুনরায় শুরু করার চেষ্টা করা হবে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি জানায় বস্ত্র খাতের এই প্রতিষ্ঠান। ডিএসইর তথ্যে জানা যায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী চলতি বছরের ২২ জুন থেকে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গত দুই বছর ধরে গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় বারবার উৎপাদন ব্যাহত হচ্ছিল। এ সময়ে সিএনজি ও এলএনজি ব্যবহার করে বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখার চেষ্টা করা হয়েছিল। তবে সংকট এতটাই তীব্র হয়ে ওঠে যে উৎপাদন চালানো সম্ভব হয়নি। তারা আশা প্রকাশ করেছে, গ্যাস সমস্যার সমাধান হলে দ্রুতই কারখানা পুনরায় চালু করা যাবে।

