চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফুল কনটেইনার লোড (এফসিএল) কনটেইনারে চারগুণ স্টোর রেন্ট আরোপের সিদ্ধান্ত আরও এক মাসের জন্য স্থগিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।
এর আগে ২৩ আগস্ট থেকে এক মাসের জন্য এ রেন্ট স্থগিত করা হয়েছিল, যার মেয়াদ শেষ হয় ২২ সেপ্টেম্বর। ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধ এবং বন্দরের কনটেইনার ধারণক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাহাজের চাপ কমে আসায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম বন্দরের পরিবহন শাখার পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, চলতি বছরের ১০ মার্চ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে এফসিএল কনটেইনারে ফ্রি টাইম শেষে চারগুণ হারে স্টোর রেন্ট আরোপ করা হয়েছিল। তবে সেবা সচল রাখা ও অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই রেন্ট স্থগিত করা হয়, যা এখন ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। তবে খালি কনটেইনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না। আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ, যাতে স্বাভাবিক কার্যক্রমে কোনো জটিলতা না হয়।

