রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা করে মোট প্রায় ৭৫ কোটি টাকা নগদ লভ্যাংশ বিতরণ করা হবে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে তা ছিল ৯ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সায়। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৯০ টাকা ৯৯ পয়সা।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচিত অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

