পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৯৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংকের আনসিকিউরড, নন কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটভিত্তিক সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ড থেকে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে।
বিএসইসি জানিয়েছে, বন্ডের অর্থ সংগ্রহ করা হবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীরা এতে অংশ নিতে পারবেন। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী, এ বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ‘ব্যাসেল-৩’ এর অধীনে ব্যাংকের ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া শর্ত হিসেবে বলা হয়েছে, বন্ডটি পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত করতে হবে।

