বাংলাদেশে খেলনা শিল্পের সম্ভাবনা থাকলেও কাঁচামালে আমদানি নির্ভরতা, উচ্চ শুল্ক, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব এবং সহায়ক নীতিমালার সীমাবদ্ধতার কারণে তা কাজে লাগানো যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত “রপ্তানি বহুমুখীকরণ; খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং রপ্তানির সম্ভাবনা” শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানটি ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস: নীতি ও আইটি) মুহাম্মদ মুবিনুল কবীর এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডওসন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী খেলনা বাজারের আকার এখন ১০২.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালে ১৫০ বিলিয়নে পৌঁছাবে। অথচ বাংলাদেশের রপ্তানি মাত্র ৭৭ মিলিয়ন ডলারে সীমিত। আন্তর্জাতিক ক্রেতাদের অভাব, টেস্টিং সুবিধার ঘাটতি, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা, আমদানি শুল্কের চাপ ও সহায়ক নীতির অভাব এ খাতের বড় চ্যালেঞ্জ।
এনবিআর সদস্য মুবিনুল কবীর বলেন, ২০২৩ সালের ট্যারিফ নীতিমালা অনুযায়ী শুল্ক নির্ধারিত হয় এবং বিদেশি সংস্থার কিছু শর্তও মানতে হয়। অর্থবছরের মাঝামাঝি সময়ে নীতি পরিবর্তনের সুযোগ সীমিত থাকলেও বাজেটে খেলনা খাতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতের মতো দীর্ঘ সহায়তার বদলে খেলনা শিল্পকে নিজেদের সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমে জোর দিতে হবে।
ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা মার্টিন ডওসন বলেন, বাংলাদেশি খেলনার ব্রিটিশ বাজারে প্রচুর সম্ভাবনা রয়েছে। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা গেলে রপ্তানি বহুগুণ বাড়বে। ব্রিটিশ সরকার রুলস অব অরিজিনের শর্ত সহজ করেছে, যা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ইতিবাচক হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদ পলিমারের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। তিনি জানান, দেশে প্লাস্টিক খাতে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ২৫০টি খেলনা উৎপাদন করে। প্রায় ১৫ লাখ মানুষ এ খাতে কর্মরত। ২০২৩-২৪ অর্থবছরে খেলনার রপ্তানি ছিল ২৭৬ মিলিয়ন ডলার এবং অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, ২০১৬-১৭ অর্থবছরে খেলনা রপ্তানি ছিল ১৫.২৩ মিলিয়ন ডলার। ২০২২-২৩ সালে ৮৮টি দেশে রপ্তানির মাধ্যমে তা বেড়ে দাঁড়ায় ৭৭ মিলিয়ন ডলারে। তবে মান নিয়ন্ত্রণ, অবকাঠামোর অভাব, গবেষণায় পিছিয়ে থাকা এবং নতুন ডিজাইন উদ্ভাবনের ঘাটতির কারণে এ খাত এখনও পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারছে না।
আলোচনায় আরও অংশ নেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক ড. অশোক কুমার রয়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের জয়েন্ট চিফ মো. মামুন-উর রশিদ আসকারী, প্রেমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের ডেপুটি নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রির মালিক আমান উল্লাহ, হ্যাসি টাইগার কোম্পানি লিমিটেডের জিএম মুসা বিন তারেক এবং রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএমও মো. জহিরুল হক।

