৯-১৫ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ প্রকৃতি সংরক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি ২৭ সদস্যের প্রতিনিধি দল ভিসা পাওয়ায় ভোগান্তির শিকার হয়।
দলের একজন সদস্য এভাবে তুলে ধরেন পরিস্থিতি, “এভারেস্টে ওঠা সহজ মনে হয়, কিন্তু এখন ইউএই ভিসা পাওয়া অনেক কঠিন।” প্রতিনিধিরা প্রায় দুই মাস ধরে ভিসার জন্য অপেক্ষা করেছেন। দলের মধ্যে সরকারের দুজন সচিবও রয়েছেন। নানা ধরনের কাগজপত্র জমা দেওয়া, কর্মকর্তাদের সঙ্গে ফোনে অনুরোধ, প্রতিদিনের উৎকণ্ঠা—সবই পেরিয়ে যেতে হয়েছে।
৮ অক্টোবরের নিশ্চিত ফ্লাইট এবং সপ্তাহখানেক আগেই বুক করা হোটেল থাকা সত্ত্বেও ৭ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের পাসপোর্টে ভিসার ছাপ ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধের পর গভীর রাতে অবশেষে ভিসা পৌঁছায়। মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকা অবস্থায় তারা যাত্রা করতে সক্ষম হন।
ভিসা সংকটের বিস্তৃত প্রভাব:
তাদের দুর্ভোগ একক ঘটনা নয়। বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি ৬–৭ অক্টোবরের দুবাই ফরেক্স এক্সপোতেও ভিসা বিলম্বের কারণে অংশ নিতে পারেননি। এমনকি জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারও চলতি মাসের শুরুতে ইউএই ভিসা না পাওয়ায় একটি টি–টোয়েন্টি সিরিজ মিস করেছেন। গত এক বছরের বেশি সময় ধরে এমন ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। একসময় বাংলাদেশি শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত ছিল সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি থেকে ভিসা ইস্যু কার্যত স্থবির হয়ে পড়েছে।
এক বছরের বিধিনিষেধ, ভিসা সংকট ছুঁয়েছে শ্রম ও পর্যটন খাত:
ভিসা সমস্যা শুরু হয় ২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর, কূটনৈতিক সূত্রে জানা যায়, ইউএই নীরবে বাংলাদেশিদের ভিসা ইস্যুতে অঘোষিত বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকে হাজারো শ্রমিক, পেশাজীবী ও পর্যটক পড়ে যান ভিসা প্রক্রিয়ার জটিলতা ও অনিশ্চয়তার জালে।
উচ্চ দক্ষতাসম্পন্ন কিছু পেশাজীবী ভিসা পেলেও স্বল্প ও আধা–দক্ষ কর্মীদের ভিসা ইস্যু প্রায় বন্ধ। অথচ এই শ্রেণির কর্মীরাই বাংলাদেশের প্রবাসী আয়ের মূল চালিকাশক্তি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে মাত্র ৮ হাজার শ্রমিক আরব আমিরাতে গেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে সংখ্যা ছিল ৪৭,১৬৬ জন, আর ২০২৩ সালে প্রায় ৯৭,৮২২ জন।
ভিসার এই বিধিনিষেধের প্রভাব শুধু শ্রম রপ্তানিতে নয়, পর্যটন খাতেও ভয়াবহ। বিদেশগামী ট্যুর অপারেটররা বলছেন, আমিরাতের পর্যটন ভিসা ইস্যু “সম্পূর্ণ বন্ধ” থাকায় তাদের ইউএই ভিত্তিক ব্যবসা কার্যত থমকে গেছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালক (বাণিজ্য ও মেলা) তসলিম আমিন শোভন বলেন, “২০২১ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতি বছর আমি দুই হাজারের বেশি আরব আমিরাতের পর্যটন ভিসা প্রসেস করেছি। গত এক বছরে একটিও করতে পারিনি। মনে হচ্ছে সীমিত সংখ্যক কিছু পেশাজীবীর জন্য ছাড়া, ভিসার অন্য সব ক্যাটাগরিই বন্ধ।”
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)-এর সাবেক মহাসচিব আব্দুস সালাম আরেফ বলেন, এখন পর্যটন ও ট্রানজিট ভিসা প্রায় শূন্য। শ্রম ভিসা আগের তুলনায় মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। ইউএইগামী যাত্রীদের ওপর নির্ভরশীল এয়ারলাইনগুলোকেও যাত্রীসংখ্যা পূরণে হিমশিম খেতে হচ্ছে।”
কূটনৈতিক তৎপরতা এখনও ফলপ্রদ নয়:
পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, ইউএই কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনও হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “আমাদের মন্ত্রণালয় এবং ঢাকায় আমিরাতের মিশন ধারাবাহিকভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। প্রতিটি উচ্চ পর্যায়ের বৈঠকেই আমরা এটি উত্থাপন করছি। ইউএই মিশনও তাদের দিক থেকে তৎপর।”
তিনি স্বীকার করেন, “শেষপর্যন্ত এটি আমিরাত সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমরা আশা করছি, শিগগিরই ইতিবাচক সমাধান আসবে।” তবে ২ অক্টোবর হোয়াটসঅ্যাপে এবং ৫ অক্টোবর ইমেইলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ঢাকা দূতাবাসের কাছে আনুষ্ঠানিক মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও, ১১ অক্টোবর পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
কর্মকর্তাদের অস্বীকার বনাম বাস্তব পরিস্থিতি:
২২ সেপ্টেম্বর, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ইউএই বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধ করছে—এমন কোনো খবর সঠিক নয়। তারা বলেন, “ইউএই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এমন কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি,” এবং খবরটি “একটি যাচাইবিহীন ভিসা ওয়েবসাইটের বিভ্রান্তিকর তথ্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অধিকাংশ ভিসা ক্যাটাগরির প্রসেসিং কার্যত স্থবির।
ইউএই’র ফ্ল্যাগশিপ এয়ারলাইন এমিরেটসের এক স্থানীয় এজেন্ট বলেন, “ইউরোপ বা অন্যান্য গন্তব্যে বাংলাদেশ থেকে আমাদের প্রায় ৮০ শতাংশ যাত্রী দুবাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। প্রায় পাঁচ লাখ বাংলাদেশি দুবাইয়ে বসবাস করছেন, যাদের একাংশ নিয়মিত দেশে যাতায়াত করে। তাই ভিসার বিধিনিষেধে আমাদের যাত্রীসংখ্যায় সরাসরি প্রভাব পড়েনি।” তবে তিনি উল্লেখ করেন, ট্রানজিট ভিসাও এখন সীমিত, যদিও “বিশেষ শর্তে শিগগিরই তা চালু হতে পারে।
প্রধান এক শ্রমবাজার সংকটে:
অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। ভারতীয় ও পাকিস্তানীদের পর বাংলাদেশিরা সেখানে তৃতীয় বৃহৎ প্রবাসী সম্প্রদায়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইউএই গেছে মাত্র ১,৬০০ শ্রমিক। এদের বেশিরভাগই দক্ষ বা আধা–দক্ষ পেশাজীবী। অথচ বিধিনিষেধের আগে এ সংখ্যা মাসে ৫,০০০ থেকে ৬,০০০-এর মধ্যে হতো। দুবাই ও নর্দার্ন এমিরেটসের বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান স্থানীয় পত্রিকা খালিজ টাইমস-কে বলেন, “ভিসার বিধিনিষেধ শিথিল করার জন্য আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।”
কেন এই স্থবিরতা?
একাধিক সূত্র জানিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভের পর থেকেই এই বিধিনিষেধ শুরু হয়। আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে স্বল্প দক্ষ কর্মীদের ভিসা প্রক্রিয়ায় এর প্রভাব এখনও বজায় আছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। তাই এই স্থবিরতা দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে বড় প্রভাব ফেলেছে। সরকারের সংশ্লিষ্টরা জানান, শ্রমিক বিক্ষোভই একমাত্র কারণ নয়। নিয়োগ জালিয়াতি, ভুয়া কাগজপত্র এবং ভিসা বিধি লঙ্ঘনের ঘটনাও আমিরাতকে বাংলাদেশি আবেদনকারীদের যাচাইয়ে আরও কঠোর হতে বাধ্য করেছে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ১৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমিরাতে সব ধরনের ভিসা বা আবাসনবিধি লঙ্ঘনকারীর মধ্যে ২৫ শতাংশের বেশি হলেন বাংলাদেশি। তিনি আরও উল্লেখ করেন, মূল সমস্যা শুরুতেই। দেশের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনানুষ্ঠানিক শ্রম নেটওয়ার্কের কারণে শ্রমিকদের শোষণ হচ্ছে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিতেও।

