আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সূচি পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা ভিন্ন মত দিলে সরকার এ বিষয়ে আবারও আলোচনা করতে প্রস্তুত।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। মূলত রোজার সময় পরীক্ষার চাপ এড়াতেই পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়।
তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। যদি জনমত ভিন্ন কিছু নির্দেশ করে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পুনরায় পর্যালোচনা করতে পারে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শিক্ষা খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষের সম্পৃক্ততা রয়েছে। তাই শিক্ষাব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। এরপর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের একটি অংশ পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ প্রকাশ করে আসছেন।

