দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ ঢাকা, বরিশাল, যশোর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের বিষয়টি জানায়। এতে দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা পরিচালনা ও পরীক্ষাব্যবস্থাপনা সংস্থাগুলোর শীর্ষ পদে নতুন মুখ আসছে।
নতুন নিয়োগ অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। যশোর শিক্ষা বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তন হওয়ায় শিক্ষা ব্যবস্থাপনায় নতুন গতিশীলতা আসতে পারে। বিশেষ করে পাঠ্যক্রম উন্নয়ন, পরীক্ষা ব্যবস্থাপনা এবং প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নেতৃত্ব আনার মাধ্যমে কার্যক্রম আরও সমন্বিত করার লক্ষ্য রয়েছে।

