এম এম রহমান, পাবনা প্রতিনিধি—
পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলো পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে সকাল ১০টা ২০ মিনিটে ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালীন ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে পঞ্চম শ্রেণির সিলিং ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতরভাবে আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু এটি দুর্ঘটনা, তাই তার পিতার কোনো অভিযোগ নেই।”
তিনি আরো বলেন, “আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামগুলো পরীক্ষা করি। এখন যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে, তাই পুনরায় সব ফ্যান পরীক্ষা করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।”
উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬০০ জন।

