শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বুধবার পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ঢাকার সায়েন্সল্যাব মোড়, উত্তরার বিএনএস সেন্টারসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘মিলন—ভুয়া, মিলন—ভুয়া’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের ভাষ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি বুধবারের পরীক্ষা স্থগিত না করায় তারা আরও ক্ষুব্ধ হয়েছেন।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকে আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আন্দোলনে থাকার কারণে অনেক পরীক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। এরপরও পরীক্ষা নেওয়ায় তারা সড়কে নেমেছেন।
রাজধানীর বাইরে জয়পুরহাট ও বরিশালসহ দেশের আরও কয়েকটি জেলাতেও একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
চলমান আন্দোলনের কারণে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

