বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
বিপিএসসি জানিয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক (প্রভিশনাল) ফলাফল। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই শেষে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে।
প্রকাশিত ফলাফলে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিপিএসসি জানিয়েছে, প্রকাশিত তালিকায় রোল নম্বর মেধাক্রম অনুযায়ী নয়, বরং রোল বা নিবন্ধন নম্বরের ধারাবাহিকতায় সাজানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিপিএসসির ওয়েবসাইট ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এ ছাড়া যাচাই-বাছাইয়ের সময় কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্য কোনো তথ্যের অসংগতি কিংবা বিধিবহির্ভূত বিষয় পাওয়া গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

