দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত ২৩ জুলাই এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। কয়েকটি প্রতিষ্ঠান জবাব দিলেও তালিকাভুক্ত ৬২১টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা জমা দেয়নি।
এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হতে পারে।
এ অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

