বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনা অনুযায়ী, পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা পুনঃপরীক্ষার সুযোগ নিতে পারবে।
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরাও এই সুযোগের আওতায় থাকবে।
আগ্রহী শিক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

