মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির যেসব শিক্ষার্থী অনলাইন নিবন্ধন কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সম্ভাব্য শিক্ষার্থীদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন অনুমোদিত ও স্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ সুযোগের আওতায় থাকবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ড চেয়ারম্যানের অনুমোদনক্রমে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ জুলাইয়ের মধ্যে কোনো শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও একই সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য নিশ্চিত করার জন্য নবম শ্রেণির নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো শিক্ষার্থী যাতে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সমস্যায় না পড়ে, সে জন্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

