দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, সুন্দর পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি থাকায় শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষার পরিবেশ উন্নত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১৭ আগস্ট) বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশদূষণ ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছে না। এসব সমস্যা সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থাগুলোকে গবেষণা ও জরিপ পরিচালনার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান ও সক্ষমতা তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও সরকারের চিন্তাভাবনার কথা জানান আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, উচ্চশিক্ষার বিস্তার ও গবেষণার সুযোগ বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।
শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা গেলে শুধু দেশের শিক্ষার্থীদের বিদেশমুখিতা কমানোই নয়, বরং বাংলাদেশেও বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য দেশের উচ্চশিক্ষাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে শিক্ষার্থীরা দেশেই মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেতে পারেন।

