জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে আজ শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের একজন সহকারী সচিবের সইকৃত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে অথবা তার আগে অবসরের বয়স হলে সেই তারিখ পর্যন্ত—যেটি আগে আসে, সেই সময় পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। এই সময়ে তিনি আগের পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধিমালা অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন উপাচার্যকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিলের ক্ষমতা রাখেন, এমন শর্তও যুক্ত করা হয়েছে প্রজ্ঞাপনে।

