নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় তার নেওয়া কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, সভায় শিক্ষার্থীদের অভিযোগ এবং সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজুলেশন নেওয়া হয়। ওই রেজুলেশনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককে বর্তমানে তার কোর্সগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৭ অক্টোবর) ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীকে নিয়ে ওই শিক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, নেকাব ও পর্দা নিয়ে আলোচনার একপর্যায়ে ওই ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়। এমনকি ওই ছাত্রী বোমা হামলা করতে পারেন- এমন মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করেন এবং পরে বিভাগীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
বিভাগীয় চেয়ারম্যান তাজিন আজিজ চৌধুরী বলেন, বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্তের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তবে শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার এই সিদ্ধান্তকে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না।
তিনি বলেন, এ ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিভাগীয় চেয়ারম্যান বা বিভাগীয় একাডেমিক কমিটির নেই। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বিভাগ থেকে ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।

