বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাঁরা পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। আজ শুক্রবার সকালে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন হয়েছে। এক ছাদের নিচে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ ও আবেদনের খুঁটিনাটি জানার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে মেলাটি আয়োজন করেছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনের ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলার স্লোগান ‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। প্রবেশ সবার জন্য উন্মুক্ত।
আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং ভালো ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বিবেচনায় বিদেশে পড়াশোনার প্রতি বাংলাদেশের তরুণদের আগ্রহ বাড়ছে। কিন্তু শুধু আগ্রহ থাকলেই হয় না। কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে পড়বেন, তা ঠিক করতে সঠিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য তথ্য জরুরি। আয়োজকদের মতে, এই প্রয়োজনের কথা মাথায় রেখেই মেলার পরিকল্পনা করা হয়েছে।
মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তির ধাপ নিয়ে তথ্য পাওয়া যাচ্ছে। স্কলারশিপ ও আবেদন নিয়ে সরাসরি পরামর্শও মিলছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারছেন। অনেক পরিবারের কাছেই বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত বড় আর্থিক ও মানসিক প্রস্তুতির বিষয়। তাই এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সুযোগ সিদ্ধান্ত নেওয়া সহজ করতে পারে।
শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ দিতে মেলায় বসেছে ৪০টির বেশি স্টল। এসব স্টলে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠানের বাইরেও মেলায় রয়েছে প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। ডিজিটাল কানেক্টিভিটি–সহায়তা দিচ্ছে আম্বার আইটি লিমিটেড। ফলে দিনভর মেলায় থাকা দর্শনার্থীদের ইন্টারনেট সংযোগ নিয়ে ভাবতে হচ্ছে না।
মেলার আরেক আকর্ষণ ফেসবুক লাইভ। দুই দিনই মেলাপ্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে অংশ নিচ্ছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনায় তাঁরা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য দরকারি তথ্য ও পরামর্শ তুলে ধরছেন। পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা ও বিশেষ প্রস্তাবের কথাও জানাচ্ছেন। যাঁরা সশরীরে আসতে পারছেন না, তাঁরাও ঘরে বসে এই আলোচনা দেখে নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন।
মেলার সীমানা শুধু মিলনায়তনের ভেতরে আটকে নেই। অফলাইন আয়োজনের পাশাপাশি চলছে অনলাইন মেলাও। আজ থেকে শুরু হওয়া এই ১০ দিনের আয়োজন দেখা যাবে www.studyabroadfair.pro ওয়েবসাইটে। সেখানে শিক্ষা–পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সেবা ও প্রস্তাব নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য এটি বাড়তি সুবিধা। যাঁরা দুই দিনের মেলায় আসতে পারবেন না, তাঁরাও অনলাইনে নিজের সময়মতো তথ্য যাচাই করতে পারবেন।
বিদেশে পড়তে যাওয়ার প্রক্রিয়া অনেক সময় জটিল মনে হয়। ভর্তির যোগ্যতা, ভাষার দক্ষতা যাচাই, স্কলারশিপের শর্ত ও ভিসার ধাপ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হন। অনেক ক্ষেত্রে ভুল তথ্যের কারণে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। এ কারণে একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তুলনা করে দেখার সুযোগকে শিক্ষার্থীদের জন্য কার্যকর বলে মনে করা হচ্ছে। তবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আগে তাদের দেওয়া তথ্য ও সেবার শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
যাঁরা এখনো মেলায় যাননি, তাঁদের জন্য আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সুযোগ থাকছে। আর অনলাইনে তথ্য জানার সুযোগ থাকছে আগামী ১০ দিন।

