চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তাঁকে না জানিয়ে এ দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘দরকার হলে তাঁকে ডিনের পদ থেকে বাদ দেওয়া হোক, তিনি এসবের মধ্যে নেই’।
জানা গেছে, দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানের কারণে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিজের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালনের জন্য অধ্যাপক আবু কাউছারকে দায়িত্ব দেন। এক ই-মেইল বার্তায় তাঁকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। ই-মেইলে উপাচার্য উল্লেখ করেন, দাপ্তরিক কাজে তিনি ঢাকায় থাকবেন এবং এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
তবে এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন অধ্যাপক আবু কাউছার। তিনি বলেন, তাঁকে জিজ্ঞাসা না করেই এ দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য নিজে থেকে একটি ই-মেইল লিখলেই তিনি এ দায়িত্ব পালন করবেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। অধ্যাপক আবু কাউছার জানান, মুঠোফোনে উপাচার্যকে তিনি তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এবং দায়িত্ব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে উপাচার্যকে তিনি বলেছেন, দরকার হলে তাঁকে ডিন থেকে বাদ দিয়ে দিতে।
এর আগে গত রোববার এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে। ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে উপাচার্য ঢাকায় থাকবেন জানিয়ে ই-মেইল বার্তায় তাঁকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হওয়ার কথা ছিল। উপাচার্যের কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত, অর্থাৎ ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের। তবে নির্ধারিত সময়ে উপাচার্য কর্মস্থলে না ফেরায় পরবর্তী সময়ে অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেওয়া হয়।

