আগামী ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে।
এই নীতিমালা বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে।
নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে লটারির মাধ্যমে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিতে হবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ভর্তি সম্পন্ন করতে হবে।
নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি পরীক্ষায় কত নম্বর, সময় কত
নতুন নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলা বিষয়ে ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এই পরীক্ষার সময় দুই ঘণ্টা।
অর্থাৎ দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে মূল্যায়ন করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স কত হতে হবে
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়সের শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে বয়স সাত বছরের কম থাকতে হবে।
সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্ম হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ঢাকার স্কুলে স্থানীয়দের জন্য ৮০ শতাংশ আসন
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকার ভিত্তিতে আসন সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্ধারিত এলাকার শিক্ষার্থীদের জন্য মোট আসনের ৮০ শতাংশ সংরক্ষণ করতে হবে।অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে।
ফলে ঢাকার কোনো বেসরকারি বিদ্যালয়ে ১০০টি আসন থাকলে তার মধ্যে ৮০টি সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ২০টি আসনে বাইরের এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী
নতুন নীতিমালায় প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করতে হবে। এরপর শূন্য আসনের তথ্য অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
এই নীতিমালার মাধ্যমে প্রথম শ্রেণিতে লটারির ব্যবস্থা বহাল রেখে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম নির্ধারণ করল শিক্ষা মন্ত্রণালয়।

