মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন কিছু উদ্যোগ যুক্ত করছে সরকার। এর অংশ হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং পরীক্ষামূলকভাবে ১০০টি বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান মাধ্যমিক শিক্ষার গতি বাড়ানোর প্রকল্পটি সংশোধন করে এসব উদ্যোগ যুক্ত করা হয়েছে। সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় ৩ হাজার ৩০৪ কোটি ৮ লাখ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৬৫৯ কোটি ৭৫ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্পের ব্যয় বাড়ছে ৩৫৫ কোটি ৬৭ লাখ টাকা।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে বরাদ্দ রাখা হয়েছে ৩০০ কোটি টাকা। প্রতিটি ল্যাপটপের জন্য ধরা হয়েছে ১ লাখ টাকা করে। কোন শিক্ষার্থীরা এই সুবিধা পাবে এবং কীভাবে ল্যাপটপ বিতরণ করা হবে, সে বিষয়ে নীতিমালা ও নির্দেশনা তৈরি করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনা ও পরিচালনার জন্যও ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এসব বাস মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে ২:১ অনুপাতে দেওয়া হবে। অর্থাৎ দুটি বিদ্যালয়ের বিপরীতে একটি মাদ্রাসা এই সুবিধার আওতায় আসবে।
বাস চালুর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় কমানো, পথে বিভিন্ন বাধা কমানো এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো। এর মাধ্যমে ঝরে পড়ার হার কমানোরও লক্ষ্য রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক পরিবহন ব্যবস্থা, নতুন প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
এ ছাড়া ২ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য আরও ৩০০ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিটি নির্বাচিত প্রতিষ্ঠানে ১০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হবে। এসব ব্যবস্থা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে এবং অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হিসাব সমন্বয়ের সুযোগ থাকবে।
বিদ্যালয় ও মাদ্রাসার বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৌরবিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক জ্বালানি ব্যবস্থার বিষয়ে বাস্তব জ্ঞান দেওয়াও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রকল্প সংশোধনের সময় মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য কেন্দ্রীয়ভাবে বই কেনার প্রস্তাব বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে ১৫৫ কোটি ৫১ লাখ টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রন্থাগার উন্নয়ন অনুদানের বরাদ্দ ১১৮ কোটি ৪৮ লাখ টাকা থেকে কমিয়ে ৬০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আরও ৫৮ কোটি ৪৮ লাখ টাকা সাশ্রয় হবে।
প্রকল্প কর্তৃপক্ষের মতে, বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয়ভাবে বই নির্বাচন, কেনা ও বিতরণ করা বেশ জটিল। আবার প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজনও এক নয়। তাই সরাসরি প্রতিষ্ঠানগুলোকে অনুদান দিলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বই কিনতে পারবে এবং গ্রন্থাগার উন্নয়ন আরও কার্যকর হতে পারে।
শিক্ষক প্রশিক্ষণের পরিধিও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সীমিত সক্ষমতার কারণে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষক তৈরির পরিকল্পনা করা হয়েছে। শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সমন্বিত শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এবং জলবায়ু সহনশীলতা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
শ্রেণিকক্ষের প্রযুক্তিগত ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট টেলিভিশন দেওয়ার পরিকল্পনা থাকলেও সংশোধিত প্রকল্পে এর পরিবর্তে দেওয়া হবে আধুনিক শিক্ষণ প্যানেল। এ কারণে যন্ত্রপাতির কারিগরি বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যয় নতুন করে নির্ধারণ করা হচ্ছে।
মাধ্যমিক শিক্ষার এই প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হয় এবং ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। এর অন্যতম লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিতে ন্যূনতম দক্ষতা অর্জনের হার যথাক্রমে ৬৫ শতাংশ ও ৯০ শতাংশে উন্নীত করা। একই সময়ে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ধরে রাখার হার ৭৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।
এই লক্ষ্য অর্জনে ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার অভ্যাস ও ডিজিটাল শিক্ষার কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ১০ হাজার ৩৪০টি প্রতিষ্ঠানের ২০ হাজার ৬৮০টি শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষণ প্যানেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সাধারণ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি কোর্স চালুর পাশাপাশি কারিগরি বিষয়ের শিক্ষকদের ব্যবহারিক প্রশিক্ষণের সময় ১০ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির প্রধান উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তারা প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে, যা প্রায় ৩ হাজার ৫৯৪ কোটি ৫৩ লাখ টাকার সমপরিমাণ। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়ার কথা রয়েছে।
প্রকল্পটির সংশোধিত প্রস্তাব ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মতামতের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পের নতুন উদ্যোগগুলো বাস্তবায়নের আগে বিশ্বব্যাংকের সম্মতিও প্রয়োজন হবে।

