বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দেড়শো বছরের পথচলা উদযাপনে আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সার্ভে স্কুল হিসেবে ১৮৭৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস স্মরণে এ উৎসব একই সঙ্গে হবে বুয়েট অ্যালামনাইয়ের ১৪তম মহাপুনর্মিলনীও। ২০২৭ সালের ৬ থেকে ১৩ জানুয়ারি বুয়েটের খেলার মাঠে অনুষ্ঠান চলবে।
আজ বুধবার বুয়েট কাউন্সিল ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। উৎসবের প্রতিপাদ্য ‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’। স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘We are Proud of our 150 year’s heritage’।
সংবাদ সম্মেলনে বুয়েটের উপাচার্য ও অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. একরামুল হক বলেন, দেড়শো বছর পূর্তি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উৎসব নয়। এটি দেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের ঐতিহাসিক মাইলফলক। তাঁর মতে, দেশ-বিদেশে কর্মরত সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সার্ভে স্কুল থেকে যাত্রা শুরু করে বুয়েট দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতে অনন্য ভূমিকা রেখেছে। এ উৎসবের মাধ্যমে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, নলগোলা থেকে পলাশী পর্যন্ত বুয়েটের দেড়শো বছরের পথচলা সবার জন্য গর্বের। তাঁর প্রত্যাশা, অ্যালামনাইদের এই মহামিলন পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা দেবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক এবং অ্যালামনাইয়ের সমন্বয়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব। অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু আয়োজন সফল করতে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। ১৪তম মহাপুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান অনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরেন। কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন ৬ জানুয়ারি বুয়েটের নয়টি হলে হল-ডে প্রোগ্রাম, আনন্দ র্যালি ও শহীদ মিনারে জমায়েত হবে। একই দিন ৬৩টি স্টল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ইনোভেশন ফেয়ার, জব ফেয়ার ও বুক ফেয়ারের উদ্বোধন হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ড. জামিলুর রেজা চৌধুরী পঞ্চম স্মারক বক্তৃতা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বুয়েটের শিক্ষার্থীরা।
৭ জানুয়ারি দেড়শো বছর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এদিন বুয়েটের ইতিহাস ও অবদান নিয়ে সেমিনার হবে। বিকেলে ‘আমার বুয়েট, আমার বুয়েট অ্যালামনাই: প্রত্যাশা, প্রাপ্তি ও পরামর্শ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং সন্ধ্যায় অ্যালামনাই পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
৮ জানুয়ারি হবে ১৪তম মহাপুনর্মিলনী। এদিন প্রামাণ্য ভিডিও প্রদর্শন, বুয়েটের ১৫০ জন কৃতী অ্যালামনাইকে নিয়ে আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং ঐতিহাসিক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। রাতে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ডিনার।
৯ জানুয়ারি উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় হবে। একই দিন বুয়েট থেকে ৫০ ও ৩০ বছর আগে স্নাতক সম্পন্ন করা গ্র্যাজুয়েটদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তা ও পৃষ্ঠপোষকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন থাকবে।
১০ থেকে ১৩ জানুয়ারি অ্যালামনাইদের জন্য তিনটি ঐচ্ছিক ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণ, ১০ জানুয়ারি পদ্মা নদীতে ডে ক্রুজ এবং একই দিন গাজীপুরের সারাহ রিসোর্টে ডে ট্রিপ। ১৩ জানুয়ারি ভোর ছয়টায় সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকেরা জানান, ৬ থেকে ৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ইনোভেশন ফেয়ার ও বুক ফেয়ার চলবে। ৬ ও ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন সামগ্রী বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত হবে।
দেশ-বিদেশের হাজারো সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন বুয়েটের ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি শিক্ষার্থী, অ্যালামনাই ও শিল্পখাতের মধ্যে সংযোগ গড়ার সুযোগও তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, আয়োজনের প্রস্তুতি কতটা গুছিয়ে সম্পন্ন হয় এবং উৎসব থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনে নতুন কী গতি আসে।

