চৌত্রিশ বছর আগে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন সারা দেশে এর অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮টি, শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষাবিদেরা।
তাঁদের মতে, শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের কম উপস্থিতির কারণে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের ফলে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী পাস করলেও তাদের প্রায় ২৮ শতাংশ বেকার থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যারা চাকরি পান, তাদের বেশির ভাগই স্বল্প আয়ের কাজে যুক্ত হন। আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার।
বিশ্ববিদ্যালয়ের ১৯৯২-২০০২ সময়কালে অধীনে কলেজ ছিল ১ হাজার ৭৫টি। বর্তমানে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৬০১টি সরকারি ও ১ হাজার ৬৯৬টি বেসরকারি কলেজ রয়েছে। ঢাকার সাতটি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সরে আসার পর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এখনো বাস্তবায়িত হয়নি।
শিক্ষক সংকটের চিত্রও উদ্বেগজনক। গাইবান্ধার একটি সরকারি কলেজে প্রায় ২২২ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র একজন। অন্য একটি কলেজে ১৪ হাজার ৬৫২ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ৬৬ জন। অনেক কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ের একেকটি শ্রেণিতে ২০০ থেকে ৩০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়, অথচ এত শিক্ষার্থীকে পড়ানোর মতো শ্রেণিকক্ষ নেই।
আবার অন্যদিকে অনেক কলেজে আসন ফাঁকা পড়ে থাকছে। অধিভুক্ত ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্সে আসন প্রায় সাড়ে চার লাখ। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। তাদের বড় অংশ মেডিকেল কলেজসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেবেন।
সংকট মোকাবিলায় কর্মমুখী শিক্ষার ওপর জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৫টি বিষয়ে পাঠ্যক্রম উন্নয়নের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০ কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টির সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের শিক্ষাক্রম সংস্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনার্সে আইসিটি পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরিয়ান, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ দিতে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু হয়েছে।
তবে এসব উদ্যোগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে আইসিটি শিক্ষায় শিক্ষকসংকট প্রকট। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক প্রশিক্ষক তৈরি হয়েছে। এর আগে আট বছর মেয়াদি (২০২৩-৩১) একটি মহাপরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত হয়নি।

