ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৪ জুন) দুটি হেলিকপ্টারের সংঘর্ষের পর একটি হেলিকপ্টার একটি গাড়ি পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সামরিক ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন কনটেন্ট নির্মাতা গাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গাসপি’ নামে পরিচিত, তিনিও একটি হেলিকপ্টারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
হেলিকপ্টারের যাত্রী তালিকায় আরও ছিলেন লুকাস ব্রিটো শাভেস, লুকাস ভিনিয়ালে এবং পাইলট আলেক্সান্দ্রে সৌজা। অন্য হেলিকপ্টারটির ক্রু তালিকায় শুধু পাইলট চার্লস মার্সিলাকের নাম ছিল।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে জন্ম নেওয়া অলিভার ট্রির পূর্ণ নাম ছিল অলিভার ট্রি নিকেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার মাধ্যমে ২০১৬ সালে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
সম্প্রতি তিনি বিশ্ব সফর শুরু করেছিলেন। গত ৬ জুন ব্রাজিলের সাও পাওলোতে তার সর্বশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়। আগামী ১ জুলাই পর্তুগালের লিসবনে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এছাড়া সেপ্টেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগো, ম্যানচেস্টার ও লন্ডনেও তার অনুষ্ঠান নির্ধারিত ছিল।

