কিরগিজস্তানে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমস। আন্তর্জাতিক এই আয়োজনের সাংস্কৃতিক পর্বের ফোক গানের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লোকসংগীতশিল্পী সূচনা শেলী ও তাঁর ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’।
আয়োজনে বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সূচনা শেলী। তাঁর ভাষ্য অনুযায়ী, সেই সাফল্যের পর কিরগিজস্তান সরকার এবার তাঁকে বাংলাদেশ থেকে বিশ্ব নোম্যাডিক গেমসের ফোক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করেছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের লোকসংগীত তুলে ধরার সুযোগকে গর্বের বিষয় হিসেবে দেখছেন এই শিল্পী। তাঁর মতে, বাংলাদেশের লোকগান কেবল বিনোদনের মাধ্যম নয়; এর সঙ্গে মানুষের জীবন, আত্মঅনুসন্ধান, দর্শন ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য জড়িয়ে রয়েছে।
সূচনা শেলীর শিল্পচর্চায় লালন শাহের দর্শন ও মানবতাবাদী চিন্তার বিশেষ প্রভাব রয়েছে। পাশাপাশি বাংলার লোক ও মরমি সংগীতের বিভিন্ন ধারার গানও পরিবেশন করেন তিনি।
বিশ্ব নোম্যাডিক গেমসের সাংস্কৃতিক পর্বে তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লোকসংগীতের ঐতিহ্য ও মরমি সংস্কৃতির নতুন পরিচিতি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

