নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতারা।
তাদের অভিযোগ, শুটিংয়ের জন্য সম্প্রতি প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় ভবনটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।
সংবাদ সম্মেলনে শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। সম্প্রতি শুটিংয়ের জন্য ঐতিহাসিক বাড়িটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ে বলে অভিযোগ করেন তিনি।
শাহেদ কায়েসের দাবি, এর ফলে ঐতিহাসিক ভবনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নসম্পদ হিসেবে সরদার বাড়ির এই ক্ষয়ক্ষতিকে দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনটির নেতারা বলেন, সরদার বাড়ির বর্তমান ক্ষতি ভবিষ্যতে অপূরণীয় হয়ে উঠতে পারে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে ঐতিহাসিক ভবনটির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা ঘটনার দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে সরদার বাড়িকে আগের নকশায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।

এ ছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তাঁদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ।

