একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন শো হিসেবে নির্বাচিত হয়েছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস আয়োজিত এক জরিপে ৫ শতাধিক টেলিভিশন পেশাজীবীর ভোটে সিরিজটি প্রথম স্থান অর্জন করেছে।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত এই ক্রাইম ড্রামা সিরিজটি নির্মাণ করেছেন ভিন্স গিলিগান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পল।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একবিংশ শতাব্দীর এখন পর্যন্ত সেরা ১০০ টিভি শোর তালিকায় সবার ওপরে রয়েছে ‘ব্রেকিং ব্যাড’।
এই তালিকা তৈরির জন্য টেলিভিশন শিল্পের ৫১৬ জন অভিনেতা, লেখক, প্রযোজক, শোরানার, নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীর মতামত নেওয়া হয়। তাদের ২০০০ সালের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া সেরা ১০টি টিভি শো নির্বাচন করতে বলা হয়েছিল।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ‘ম্যাড মেন’। চতুর্থ স্থানে ‘সাকসেশন’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘ফ্লিব্যাগ’।
সেরা ১০-এর তালিকায় আরও রয়েছে ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘৩০ রক’, ‘কার্ব ইয়োর এনথুজিয়াজম’ এবং ‘আটলান্টা’।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে ওয়াল্টার হোয়াইট নামের এক উচ্চবিদ্যালয়ের রসায়ন শিক্ষকের জীবনকে ঘিরে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আর্থিক নিরাপত্তার জন্য তিনি মাদক উৎপাদনের জগতে জড়িয়ে পড়েন।
ব্রায়ান ক্র্যানস্টন অভিনয় করেছেন ওয়াল্টার হোয়াইট চরিত্রে এবং অ্যারন পল অভিনয় করেছেন তার সাবেক ছাত্র ও সহযোগী জেসি পিংকম্যানের ভূমিকায়।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই তালিকা তৈরির ক্ষেত্রে শুধু নাটক বা স্ক্রিপ্টেড সিরিজ নয়, বরং রিয়েলিটি শো, তথ্যচিত্র, টক শো, গেম শো এবং ইউটিউব সিরিজও বিবেচনায় নেওয়া হয়েছে।
‘ব্রেকিং ব্যাড’-এর এই স্বীকৃতি টেলিভিশন ইতিহাসে সিরিজটির দীর্ঘস্থায়ী প্রভাব এবং দর্শক ও নির্মাতাদের কাছে এর জনপ্রিয়তার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

