বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়ার খবর সামনে এসেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় সালমানের পাশাপাশি তাঁর সঙ্গে কাজ করা বলিউড তারকা এবং পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভাইরাল অডিও বার্তায় বলা হয়েছে, সালমান খানের সঙ্গে কাজ করলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। গ্যাংয়ের নির্দেশ অমান্য করায় অভিনেতা টাইগার শ্রফকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। একই বার্তায় সালমানকে আগে ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং তাঁর পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছিল বলে উল্লেখ রয়েছে।
এদিকে সালমানকে ঘিরে নতুন করে হুমকির খবরের মধ্যেই মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান টাইগার শ্রফ। তবে তাঁর গাড়িচালক আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে। ওই সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সালমানকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে সালমান খানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পরও অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
সাম্প্রতিক অডিও বার্তায় দেওয়া হুমকি এবং টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

