ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয় ধরে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। শহরের সীমিত জায়গায় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন মিললে মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজন হলে মাঠের স্থান বদলাতে পারে। প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অবস্থা দেখে অন্যান্য এলাকায়ও একই ধরনের মাঠ করার পরিকল্পনা রয়েছে।
এর বাইরে মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ বানানোর পরিকল্পনা করছে ডিএনসিসি। এ মাঠ সংস্থাটি নিজস্ব অর্থায়নে তৈরি করবে। নির্মাণকাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়া এখন চলছে।
ফুটসাল মূলত ফুটবলের একটি ছোট পরিসরের সংস্করণ। সাধারণত ছোট ও নির্দিষ্ট সীমানায় ঘেরা মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় নিয়ে এ খেলা হয়। কৃত্রিম ঘাস বা বিশেষ ধরনের মেঝেতে মাঠ তৈরি করা হয়। ফুটবলের তুলনায় কম জায়গায় খেলা যায় বলে ঘনবসতিপূর্ণ শহরে এ ধরনের মাঠ বেশ কার্যকর হতে পারে।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির মাঠের পরিকল্পনা করা হয়েছে। টাইপ-এ শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি শ্রেণির মাঠে গ্যালারি না থাকলেও শৌচাগার ব্লক থাকবে। টাইপ-সি শ্রেণির মাঠে থাকবে শুধু খেলার জায়গা।
প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির। টাইপ-এ শ্রেণির মাঠগুলো হবে ২ নম্বর ওয়ার্ডের মিরপুর সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠে, যা লাল মাঠ নামে পরিচিত। এ ছাড়া থাকছে ৩৭ নম্বর ওয়ার্ডের বাড্ডার খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডের পলাশিয়ার খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠ। এর মধ্যে বাড্ডা ও পলাশিয়ার মাঠে শৌচাগার ব্লক নির্মাণের প্রস্তাবও রয়েছে।
টাইপ-বি শ্রেণির চারটি মাঠের প্রস্তাব করা হয়েছে ৪১ নম্বর ওয়ার্ডের বড়বেরাইদ এলাকার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার খেলার মাঠ এবং দক্ষিণখানের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের দুটি খেলার মাঠে। এসব মাঠে ফুটসালের পাশাপাশি শৌচাগার ব্লকও থাকবে। আর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে টাইপ-সি শ্রেণির একটি মাঠ নির্মাণের প্রস্তাব রয়েছে।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের একটি অঙ্গীকার হলো যেখানে খালি জায়গা আছে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করা। সেই আলোকে সিটি করপোরেশনের মাঠগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, পরিকল্পনা ছিল প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাঠ করার। তবে প্রথম ধাপে ১২টি মাঠের কাজ হাতে নেওয়া হচ্ছে। নির্মাণের পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাযথভাবে মাঠগুলোর দেখভাল ও সংস্কার করছেন কি না, তা বিবেচনায় নিয়ে পরে অন্য ওয়ার্ডগুলোতেও এ উদ্যোগ নেওয়া হবে।
নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে টাকার বিনিময়ে কৃত্রিম মাঠে খেলার সুযোগ তৈরি হয়েছে। তিনি মনে করেন, নাগরিকেরা কর দেন, তাই তাঁদের করের টাকায় তৈরি মাঠ ধনী-দরিদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। উদ্যোগটি ইতিবাচক হলেও মাঠগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কেউ যেন খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় ৩৮টি করে মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন। এর মধ্যে ঢাকা উত্তর সিটির নিজস্ব মালিকানা ও তত্ত্বাবধানে আছে ৩৭টি। কিছু জায়গায় একই সীমানায় মাঠ ও পার্ক পাশাপাশি রয়েছে।
বিশ্লেষকদের মতে, ঘনবসতির রাজধানীতে খেলার জায়গার তীব্র সংকটের মধ্যে এ উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদন, নির্মাণের গুণমান এবং পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের ওপর। মাঠের ব্যবহার সবার জন্য অবারিত রাখা না গেলে এর সামাজিক উপযোগিতা সীমিত হয়ে পড়তে পারে। পাশাপাশি স্থান বদলের সম্ভাবনা থাকায় চূড়ান্ত তালিকা কী দাঁড়ায়, সেদিকেও নজর থাকবে।

