১৪৮ বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ ফরম্যাট- টেস্ট ক্রিকেট। ১৮৭৭ সালের ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম অফিসিয়াল টেস্ট ম্যাচ। সেই ঐতিহাসিক দিনে অস্ট্রেলিয়া ৪৫ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরি এসেছিল অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের ব্যাট থেকে, প্রথম উইকেটটি নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেন হিল।
সেই সূচনা থেকেই যাত্রা শুরু টেস্ট ক্রিকেটের—যা একসময় ছিল সীমাহীন দৈর্ঘ্যের, খেলাও চলত দিনের পর দিন। পরে সময়ের ধারায় স্থির হলো পাঁচদিনে, যুক্ত হলো নিয়ম-কানুন, প্রযুক্তি, প্রচার এবং বিতর্ক। তবুও বদলায়নি এর আত্মা—ধৈর্য, কৌশল আর নিষ্ঠার এক অনবদ্য পরীক্ষাক্ষেত্র হিসেবে টেস্ট আজও জীবন্ত।
এই ফরম্যাটেই জন্ম নিয়েছে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো। বেন স্টোকসের কাভার ড্রাইভে হেডিংলির উন্মাদনা, শচীনের স্টাম্প উড়ে যাওয়া, ডিন জোন্সের অমর ইনিংস, বা শেন ওয়ার্নের ৭০০ ও মুরালিধরনের ৮০০ উইকেটের ইতিহাস—সবই এই সাদা পোশাকের ক্রিকেটে। কারও কাছে এটাই ‘রিয়েল ক্রিকেট’। যেখানে ব্যাট-বলের বাইরেও লড়াই চলে ধৈর্য, মানসিক দৃঢ়তা আর কৌশলের।
এ কারণেই টেস্ট ক্যাপের গুরুত্ব এত বেশি। অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার যখন নিজের টেস্ট ক্যাপ হারিয়ে ফেলেছিলেন, গোটা সোশ্যাল মিডিয়ায় হাহাকার উঠে গিয়েছিল।

টেস্ট ক্রিকেটের মৃত্যুবার্তা বহুবার লেখা হয়েছে—৯০ দশকে ওয়ানডের উত্থানে, আবার ২০০৭ সালে টি-টোয়েন্টি যুগ শুরুর পর। আইপিএলের আর্থিক প্রলোভন, আইসিএলের বিতর্কিত অধ্যায়—সবকিছুর ভিড়ে টেস্টের অস্তিত্ব নিয়ে শঙ্কা ছিল প্রবল। কিন্তু বারবারই টেস্ট ফিরে এসেছে আপন মহিমায়।
২০২৪ সাল ছিল তার প্রকৃষ্ট উদাহরণ। ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাংক ওরেল ট্রফি কিংবা শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ আবারও ক্রিকেটবিশ্বকে টেস্টের দিকে টেনে এনেছে।
আইসিসি যদিও অনেক দেরিতে টেস্ট ক্রিকেটকে বিশ্বমঞ্চে আনল, তবু ২০১৯ সালে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ বদলে দিয়েছে অনেক কিছু। ইতোমধ্যে দুইটি চক্র সম্পন্ন, তৃতীয়টির ফাইনাল হবে ২০২৫ সালে।
এই প্রতিযোগিতাই টেস্টকে আরও প্রতিযোগিতামূলক করেছে, বাড়িয়েছে দর্শক আগ্রহ। কিন্তু চ্যালেঞ্জের শেষ নেই।

দীর্ঘ ২৪ বছরের টেস্ট যাত্রায় বাংলাদেশ খেলেছে ১৫০টি ম্যাচ, যার মধ্যে জয় মাত্র ২২টিতে। হার ১১০ ম্যাচে। সীমিত ওভারের ফরম্যাটে কিছুটা ধারাবাহিকতা এলেও টেস্টে এখনো বাংলাদেশের অবস্থান দুর্বল।
অথচ এই সময়েই উঠেছে ‘দ্বিস্তর বিশিষ্ট টেস্ট’ চালুর প্রস্তাব। যেখানে শীর্ষ দলগুলো বারবার নিজেদের মধ্যেই খেলবে, আর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দেশগুলো পিছিয়ে পড়বে আরও। এতে করে ম্যাচের সংখ্যা যেমন কমবে, তেমনি আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে এসব বোর্ড।
টেস্ট ক্রিকেট নিয়ে যতই বিতর্ক থাক, যতই সংকটের মেঘ জমুক—প্রায় দেড়শ বছর ধরে যেভাবে ফরম্যাটটি টিকে আছে, তাতে করে এখনই কোনো চূড়ান্ত উপসংহার টানা সম্ভব নয়।
যে ফরম্যাট লালন করে ইতিহাস, ঐতিহ্য, এবং ক্রিকেটের সবচেয়ে শুদ্ধ রূপ—তার জন্মদিনে তাই একটাই প্রত্যাশা: শুভ জন্মদিন, টেস্ট ক্রিকেট। টিকে থাকো, আরও শতাব্দী ধরে।

