Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: ফাস্ট ফুড আর মোবাইলের নেশায় ডায়াবেটিসের ঝুঁকিতে নতুন প্রজন্ম
    স্বাস্থ্য

    বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: ফাস্ট ফুড আর মোবাইলের নেশায় ডায়াবেটিসের ঝুঁকিতে নতুন প্রজন্ম

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব ডায়াবেটিস দিবসের আগে দেশের কিশোর-তরুণদের স্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মধ্যবয়সী ও প্রবীণদের গণ্ডি পেরিয়ে টাইপ-২ ডায়াবেটিস এখন তরুণ, এমনকি শিশু-কিশোরদের মধ্যেও দেখা দিচ্ছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিস রোগীদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না যে তাঁরা এই রোগে আক্রান্ত। সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি গবেষণায় এসব তথ্য এসেছে।

    গবেষণায় দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে স্থূলতা ও পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাসের সঙ্গে রোগটির সম্পর্ক রয়েছে। তরুণদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেটের বাড়তি মেদ, শরীরচর্চা ও শারীরিক পরিশ্রমের অভাব এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের যোগসূত্র পাওয়া গেছে। একই বয়সী প্রতি পাঁচজনের প্রায় একজন প্রিডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের প্রধান তিনটি ধরন রয়েছে: টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে দেয়। টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে এর সম্পর্ক আছে। গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজ বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। আর প্রিডায়াবেটিস ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

    গবেষণা দুটির একটি যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির সাময়িকী ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’-এ এবং অন্যটি সেজ পাবলিকেশনসের সাময়িকী ‘সেজ ওপেন পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত হয়েছে।

    ‘আর্লি-অনসেট টাইপ-২ ডায়াবেটিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম গবেষণাটি প্রকাশিত হয় গত মার্চ-এপ্রিল সংখ্যায়। এর জন্য ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের আট বিভাগের শহর ও গ্রামীণ এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় অংশ নেন ১০ থেকে ৩৪ বছর বয়সী ২ হাজার ৩০০ জন। তাঁদের মধ্যে ১০৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়, অর্থাৎ প্রতি ১০০ জনে সাড়ে চারজন আক্রান্ত। আরও ৪২৩ জনের প্রিডায়াবেটিস পাওয়া যায়, যা মোট অংশগ্রহণকারীর ১৮ দশমিক ৪ শতাংশ।

    গবেষণার সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ডায়াবেটিস শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৬৯ জন, অর্থাৎ ৬৬ শতাংশ, এর আগে নিজেদের রোগ সম্পর্কে কিছুই জানতেন না।

    বয়সভেদে আক্রান্তের হারে পার্থক্য দেখা গেছে। ১৯ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এ হার ৭ দশমিক ৫ শতাংশ, আর ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ১ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে ডায়াবেটিসের হার ৬ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৩ দশমিক ২ শতাংশ।

    বিশ্লেষণে কয়েকটি শারীরিক ও জীবনযাপনসংক্রান্ত বিষয়ের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক পাওয়া গেছে। উচ্চ রক্তচাপ না থাকা ব্যক্তিদের তুলনায় উচ্চ রক্তচাপে ভোগাদের ডায়াবেটিস শনাক্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৩ গুণ বেশি। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকলে ঝুঁকি ২ দশমিক ৯ গুণ, ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করলে ২ দশমিক ৬ গুণ। যাঁরা শারীরিকভাবে কম বা মাঝারি সক্রিয়, তাঁদের ঝুঁকি বেশি সক্রিয় ব্যক্তিদের তুলনায় দ্বিগুণ।

    প্রধান গবেষক ডা. মাশফিকুল হাসান বলেন, টাইপ-২ ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেকেরই উপসর্গ থাকে না, ফলে তাঁরা রোগের কথা জানতেই পারেন না। অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে ঝুঁকি বাড়ে, তাই এ ধরনের ব্যক্তিদের পরীক্ষা করা দরকার। কিন্তু দেশে কিশোর ও তরুণদের ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক পরীক্ষা তেমন হয় না, তাই অনেকের রোগ শনাক্তই হচ্ছে না। তিনি জানান, বিশ্লেষণে জীবনযাপন ও পরিবেশগত বিষয়ের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক বেশি মিলেছে। ধূমপানের পাশাপাশি জর্দার মতো ধোঁয়াবিহীন তামাকের ব্যবহারের সঙ্গেও যোগসূত্র পাওয়া গেছে। জিনগত বিষয় নিয়ে গবেষণা চলছে। কম বয়সে ডায়াবেটিস হলে রোগটি দীর্ঘ সময় শরীরে থাকে এবং পরে জটিলতা দেখা দিতে পারে। তবে আগের নির্ভরযোগ্য তথ্য না থাকায় কিশোর ও তরুণদের মধ্যে ডায়াবেটিস কতটা বেড়েছে, তা নিশ্চিত করে বলা কঠিন।

    দ্বিতীয় গবেষণাটি স্কুলশিশুদের ওপর পরিচালিত জাতীয় পর্যায়ের জরিপ, যা চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত হয়। এতে আট বিভাগের ৫ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৪২ স্কুলশিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। তাঁদের মধ্যে তিনজনের ডায়াবেটিস শনাক্ত হয় এবং তিনজনই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। আরও ১৯ জনের প্রিডায়াবেটিস পাওয়া যায়, যা মোট শিশুর শূন্য দশমিক ৫৬৯ শতাংশ।

    গবেষণায় স্থূলতা, পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকা এবং লিঙ্গের সঙ্গে ডায়াবেটিস ও প্রিডায়াবেটিসের সম্পর্ক পাওয়া গেছে। স্বাভাবিক ওজনের শিশুদের তুলনায় স্থূল শিশু এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকা শিশুদের ঝুঁকি বেশি। ছেলেদের তুলনায় মেয়েদের ঝুঁকিও বেশি পাওয়া গেছে।

    জরিপে অংশ নেওয়া শিশুদের ১১ দশমিক ৮ শতাংশ স্থূল এবং ৬ দশমিক ৭৪ শতাংশ বেশি ওজনের। ৭৩ দশমিক ৫৮ শতাংশ শিশু প্রতিদিন বাইরের ফাস্ট ফুডজাতীয় খাবার খায়। আর ৮০ দশমিক ৮৮ শতাংশ শিশুর দৈনিক স্ক্রিন টাইম দুই ঘণ্টার বেশি।

    এ গবেষণার প্রধান গবেষক বারডেম জেনারেল হাসপাতালের (মহিলা ও শিশু) নবজাতক ও শিশু বিভাগের অধ্যাপক ডা. ফৌজিয়া মহসিন বলেন, শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে পারিবারিক ইতিহাসের পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাসও বড় ভূমিকা রাখে। পারিবারিক ইতিহাস বদলানো যায় না, তবে শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাবার ও স্থূলতার মতো পরিবর্তনযোগ্য বিষয় নিয়ন্ত্রণ করে ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও ওজন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

    আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাঁদের ৩৯ শতাংশ, অর্থাৎ ৫৪ লাখ মানুষ রোগটি সম্পর্কে জানতেন না। এই বয়সী জনগোষ্ঠীতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল ১২ দশমিক ৩ শতাংশ। একই বছর এ রোগে দেশে প্রায় ৩১ হাজার ৬২০ জনের মৃত্যু হয়। সংস্থাটির আশঙ্কা, ২০৫০ সালে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যাবে।

    দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিডনি, চোখের রেটিনা ও স্নায়ুও ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং পায়ের সংক্রমণ থেকে অঙ্গচ্ছেদও হতে পারে।

    এদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ২০২৪ সালের নভেম্বর থেকে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই করছে। ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ২৫ হাজার মানুষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশ উচ্চ, ৪২ শতাংশ মাঝারি এবং ৬ শতাংশ কম ঝুঁকিতে আছেন। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে নিজেকে সুস্থ মনে করেন, তাই উপসর্গ দেখা দেওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো জরুরি। ঝুঁকি যাচাইয়ের সময়ই প্রতিরোধের পরামর্শ দেওয়া এবং কাদের আরও মূল্যায়ন দরকার, তা চিহ্নিত করা সম্ভব। প্রতিষ্ঠানটি জানায়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জাতীয় প্রটোকলে অ্যাপভিত্তিক ঝুঁকি যাচাই যুক্ত হয়েছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও অসংক্রামক রোগ কর্নারে এই অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই করা হবে।

    বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের সুযোগ সীমিত, তাই প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো জরুরি। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ দিতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং ও জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রয়োজন। এর পাশাপাশি কমিউনিটি পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, স্ক্রিনিং, নিয়মিত ফলোআপ এবং রোগীর তথ্যভান্ডার গড়ে তুলতে হবে।

    বিশ্লেষকদের দৃষ্টিতে এই গবেষণা দেখিয়ে দিচ্ছে, ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। উপসর্গহীনতার কারণে বিপুলসংখ্যক তরুণ অজান্তেই ঝুঁকিতে আছেন, অথচ তাঁদের জন্য নিয়মিত স্ক্রিনিংয়ের ব্যবস্থা প্রায় নেই। ফাস্ট ফুড, স্ক্রিন টাইম ও শারীরিক নিষ্ক্রিয়তার মতো পরিবর্তনযোগ্য অভ্যাসই যেহেতু ঝুঁকির বড় কারণ, তাই পরিবার, স্কুল ও স্বাস্থ্যব্যবস্থা একযোগে কাজ করলে এই প্রবণতা ঠেকানো সম্ভব। দ্রুত ঝুঁকিভিত্তিক পরীক্ষা চালু করা না গেলে আগামী দশকগুলোতে কম বয়সী রোগীর সংখ্যা এবং জটিলতার বোঝা দুটোই বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাজধানীতে বহুতল ভবনে আগুন

    নভেম্বর 15, 2026
    বাংলাদেশ

    ডিসেম্বর পর্যন্ত গ্যাস নিয়ে চিন্তা নেই: জ্বালানিমন্ত্রী

    নভেম্বর 14, 2026
    বাংলাদেশ

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় আসছে কৃত্রিম উপগ্রহ নজরদারি

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.