শ্রীলঙ্কার অন্যতম সফল জীবন বীমা প্রতিষ্ঠান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে ব্যবসা সম্প্রসারণের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সফটলজিক লাইফ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের সম্ভাবনাময় বীমা বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সফটলজিক লাইফ বলছে, বাংলাদেশে তাদের প্রবেশ শুধু একটি আর্থিক বিনিয়োগ হিসেবে নয়, বরং গ্রাহকের আস্থা অর্জন এবং জীবন বীমা সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়েই। শ্রীলঙ্কায় এক দশকের বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পলিসিধারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর বীমাসেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য ও সেবা চালু করা, পরিকল্পিত কার্যক্রম পরিচালনা এবং ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে সফটলজিক লাইফ শ্রীলঙ্কার সফল জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে অবস্থান তৈরি করেছে।
গত চার বছরে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানানো হয়। এ সময়ে কোম্পানিটির মোট লিখিত প্রিমিয়াম আয় (গ্রস রিটেন প্রিমিয়াম), কর-পূর্ব মুনাফা, কর-পরবর্তী মুনাফা এবং শেয়ারপ্রতি আয়—সবগুলো সূচকই দ্বিগুণ হয়েছে। সফটলজিক লাইফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার বাজারে অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম শুরু করাকে তারা বৃহত্তর আঞ্চলিক সম্প্রসারণ পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখছে।

