দেশের করপোরেট বন্ড বাজারে বিনিয়োগ আরও সম্প্রসারিত করল জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। ইস্টার্ন ব্যাংক পিএলসির চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি, যা তাদের সামগ্রিক বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করে তুলেছে।
সরকারি বন্ডে বিনিয়োগের পাশাপাশি এখন থেকে করপোরেট বন্ডেও নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ, যার মাধ্যমে একদিকে করপোরেট খাতে টেকসই অর্থায়নে অবদান রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে পলিসিহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে ভালো মুনাফা নিশ্চিত করার সুযোগও তৈরি হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক এই বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পোর্টফোলিওর আকার দাঁড়িয়েছে প্রায় ঊনিশ কোটি টাকায়।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব আর্থিক খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। তাঁর ভাষায়, দায়িত্বশীলভাবে বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণের মধ্য দিয়ে পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই মুনাফা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ তৈরি করতে ব্যাংকটি তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মজবুত আর্থিক ভিত্তিকে কাজে লাগাচ্ছে। তাঁর মতে, সাব-অর্ডিনেটেড বন্ডের মতো বিনিয়োগ মাধ্যম ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের পরিধি বাড়াতে এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
উল্লেখ্য, করপোরেট ও খুচরা—উভয় ধরনের ব্যাংকিং সেবায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি হিসেবে পরিচিত ইস্টার্ন ব্যাংক পিএলসি। অন্যদিকে জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে প্রায় দশ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং নয়শর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

