Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?
    আন্তর্জাতিক

    বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের শিয়াং ইয়াং হং ০৯, জিয়াওলং ডুবোযানের সাথে। ছবি: এক্স স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া টাইমস

    বৈজ্ঞানিক গবেষণা ও গভীর সমুদ্র অনুসন্ধানের আড়ালে চীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমন সব জরিপ জাহাজ মোতায়েন করছে, যেগুলো বেসামরিক ও সামরিক—উভয় উদ্দেশ্যে ব্যবহার করা সম্ভব। এসব জাহাজের মাধ্যমে সমুদ্রতলের মানচিত্র তৈরি, সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ এবং সমুদ্রের তলদেশে স্থাপিত যোগাযোগ কেবলের অবস্থান শনাক্ত করার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে সমুদ্রের গভীরে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রভাব বিস্তার করছে বেইজিং।

    চলতি মাসে প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম জেনস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বৈত ব্যবহারের উপযোগী বিশেষ মিশন ও সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজের উপস্থিতি বাড়াচ্ছে চীন। বেসামরিক ও বৈজ্ঞানিক গবেষণার পরিচয়ে এসব জাহাজ ব্যবহার করে দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) জন্য কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    ২০২২ সাল থেকে ২০২৬ সালের শেষভাগ পর্যন্ত চীনের বিভিন্ন বন্দর ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) মতো গবেষণা প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত একাধিক জাহাজ ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, গুয়ামের আশপাশের জলসীমা এবং মালাক্কা প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলোতে অভিযান চালিয়েছে।

    এসব জাহাজের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণকারী ইউয়ান ওয়াং ৫, ৬ ও ৭; জরিপ জাহাজ শিয়াং ইয়াং হং ০৬; কম শব্দ উৎপাদনকারী দং ফাং হং ৩; গভীর সমুদ্রে অভিযানে সক্ষম শি ইয়ান ৬ এবং ডুবোযান পরিচালনায় সহায়তাকারী শেন হাই ই হাও। শেষোক্ত জাহাজটির সঙ্গে রয়েছে সাত হাজার মিটার গভীরতায় চলাচলে সক্ষম জিয়াওলং ডুবোযান।

    ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণকারী জাহাজগুলোতে স্থাপিত প্যারাবলিক অ্যান্টেনার পাশাপাশি গবেষণা জাহাজগুলোতে ব্যবহার করা হচ্ছে কম শব্দযুক্ত সোনার প্রযুক্তি, সমুদ্রতলের গভীরতা নির্ণয়ের জন্য নির্দিষ্ট ছকে পরিচালিত জরিপ এবং সমুদ্রতলের মাটি ও পলির নমুনা সংগ্রহের ব্যবস্থা।

    এসব প্রযুক্তির সাহায্যে চীন ক্ষেপণাস্ত্রের টেলিমেট্রি তথ্য সংগ্রহ, সমুদ্রের নিচে স্থাপিত যোগাযোগ কেবলের অবস্থান শনাক্ত এবং নাইনটি ইস্ট রিজের মতো সাবমেরিন চলাচলের সম্ভাব্য পথের মানচিত্র তৈরি করছে। একই সঙ্গে পানির নিচে শব্দের বিস্তার এবং সমুদ্রতলের মাটির ধারণক্ষমতাও পরীক্ষা করা হচ্ছে।

    আনুষ্ঠানিকভাবে এসব অভিযানকে বৈজ্ঞানিক বা বাণিজ্যিক কার্যক্রম হিসেবে উপস্থাপন করা হলেও শ্রীলঙ্কায় এগুলো নিয়ে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রও এসব তৎপরতার ওপর নজর রাখছে।

    বিশ্লেষকদের মতে, এসব অভিযানের মাধ্যমে চীনের নৌবাহিনী শান্তিকালেই সমুদ্রের গভীরতা, শব্দগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত অবস্থার গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার গড়ে তুলছে। এসব তথ্য সাবমেরিন পরিচালনা, শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তকরণ এবং সমুদ্রতলের অবকাঠামোসংক্রান্ত সামরিক পরিকল্পনায় সহায়তা করতে পারে। এর জন্য সরাসরি সামরিক তৎপরতা দৃশ্যমান করার প্রয়োজনও হচ্ছে না।

    তবে শান্তিকালীন তথ্য সংগ্রহ এই প্রক্রিয়ার প্রথম ধাপমাত্র। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বেসামরিক গবেষণার পরিচয়ে সংগৃহীত তথ্য চীন কীভাবে প্রকাশ্য যুদ্ধের সীমার নিচে থেকে সমুদ্রতলের যোগাযোগ কেবল ধ্বংস, সাবমেরিনবিরোধী যুদ্ধ, পারমাণবিক সাবমেরিন বহর সম্প্রসারণ এবং আঞ্চলিক সামরিক প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করতে পারে।

    বৈজ্ঞানিক গবেষণা নাকি সামরিক গোয়েন্দাগিরি?

    চীনের সামুদ্রিক জরিপের দ্বৈত ব্যবহারযোগ্য বৈশিষ্ট্য দেশটির কার্যক্রম মোকাবিলা করার বিষয়টিকে জটিল করে তুলেছে।

    ২০২৬ সালের অক্টোবরে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত এক প্রতিবেদনে হোসে মাসিয়াস তৃতীয় ও তাঁর সহলেখকেরা উল্লেখ করেছেন, চীন রাষ্ট্রীয় মালিকানাধীন গবেষণা জাহাজগুলোকে সামরিক-বেসামরিক সমন্বয়নীতির আওতায় দ্বৈত ব্যবহারের উপযোগী কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচনা করে।

    এই ব্যবস্থায় বেসামরিক বৈজ্ঞানিক গবেষণার পরিচয়, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নাবিক এবং আধুনিক জরিপ সরঞ্জাম একসঙ্গে ব্যবহার করে সমুদ্রের গভীরতা, ভূপ্রকৃতি ও শব্দগত বৈশিষ্ট্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

    গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব জাহাজ আন্তর্জাতিক জলসীমায় গুরুত্বপূর্ণ সমুদ্রতলদেশীয় যোগাযোগ কেবল ও সামুদ্রিক সংকীর্ণ পথের আশপাশে তুলনামূলকভাবে বেশি সময় অবস্থান করে।

    এর ফলে চীন একদিকে তার কার্যক্রমের সামরিক উদ্দেশ্য অস্বীকার করার সুযোগ বজায় রাখতে পারে, অন্যদিকে জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদে (আনক্লস) বিদ্যমান আইনি অস্পষ্টতার সুযোগও পরীক্ষা করতে পারে।

    একই সঙ্গে সংগৃহীত তথ্য সাবমেরিন পরিচালনা, নজরদারি এবং সম্ভাব্য অবকাঠামোগত বিঘ্ন সৃষ্টির প্রস্তুতিতে কাজে লাগতে পারে।

    সমুদ্র জরিপের সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের সম্ভাব্য সম্পর্ক বিশ্লেষণ করে ২০২৬ সালের সেপ্টেম্বরে চায়না স্ট্র্যাটেজিক রিস্কস ইনস্টিটিউটের (সিএসআরআই) জন্য প্রস্তুত করা এক প্রতিবেদনে অ্যান্ড্রু ইয়ে ও তাঁর সহলেখকেরা দাবি করেছেন, সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং দ্বৈত ব্যবহারের উপযোগী গভীর সমুদ্র প্রযুক্তি তাইওয়ান, ফার্স্ট আইল্যান্ড চেইন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গোপনে যোগাযোগ কেবল বিচ্ছিন্ন করার সক্ষমতা বাড়াতে পারে।

    তাঁদের মতে, প্রকাশ্য যুদ্ধ শুরু না করেই প্রতিপক্ষের ওপর অসম চাপ সৃষ্টি করার ক্ষেত্রে এসব সক্ষমতা চীনকে বিশেষ সুবিধা দিতে পারে।

    প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, তাইওয়ান বা আঞ্চলিক সংকটের সময় একাধিক সমুদ্রতলদেশীয় কেবল বিচ্ছিন্ন করা হলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর প্রশান্ত মহাসাগরীয় যোগাযোগব্যবস্থা মারাত্মক চাপে পড়তে পারে কিংবা ব্যাহত হতে পারে।

    এমন পরিস্থিতিতে যোগাযোগের বিকল্প পথ ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর হয়ে অনেক দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে বাধ্য হতে পারে।

    একই সঙ্গে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি পরীক্ষা, প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই নির্দিষ্ট স্থানে মোতায়েন এবং সামরিক কমান্ড, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও অভিযান পরিচালনার সমন্বয় দুর্বল করার সুযোগ তৈরি হতে পারে।

    এই ধরনের ঝুঁকির ক্ষেত্রে তাইওয়ান বিশেষভাবে অরক্ষিত।

    ২০২৬ সালের মে মাসে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) এক প্রতিবেদনে জ্যাকব স্টোকস ও রায়ান ক্ল্যাফি উল্লেখ করেছেন, তাইওয়ানের আন্তর্জাতিক যোগাযোগ প্রধানত ১৫টি সমুদ্রতলদেশীয় কেবলের ওপর নির্ভরশীল। অন্যদিকে দেশটির প্রত্যন্ত দ্বীপগুলোর প্রতিটির সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে মাত্র একটি বা দুটি অভ্যন্তরীণ কেবল।

    তাইওয়ানের নিজস্ব কেবল মেরামতকারী জাহাজও নেই। ফলে বিদেশি সহায়তায় কেবল মেরামত করতে দীর্ঘ সময় লাগে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই মেরামত প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।

    গবেষকদের মতে, চীন ঘন নৌযান চলাচল, অগভীর সমুদ্র এবং প্রকাশ্য যুদ্ধের সীমার নিচে পরিচালিত কৌশলগত তৎপরতার সুযোগ নিতে পারে।

    এ ক্ষেত্রে মাছ ধরার নৌযান, সামুদ্রিক মিলিশিয়া এবং কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করা হতে পারে। এসব জাহাজ অন্য দেশের পতাকা ব্যবহার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থার (এআইএস) তথ্য পরিবর্তন কিংবা গভীর সমুদ্রের কেবল কাটার যন্ত্র ব্যবহার করে নিজেদের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা করতে পারে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমুদ্রতলদেশীয় ফাইবার অপটিক কেবলের তুলনায় স্যাটেলাইটভিত্তিক বিকল্প যোগাযোগব্যবস্থার ব্যান্ডউইথ অনেক কম।

    তাইওয়ানের সব যোগাযোগ কেবল বিচ্ছিন্ন করা হলে দেশটি বড় ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতার মুখে পড়তে পারে। তবে চীন চাইলে কিছু যোগাযোগপথ সচলও রাখতে পারে, যাতে সেগুলো ব্যবহার করে সাইবার হামলা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো যায়।

    সমুদ্রের গভীরে চীন-যুক্তরাষ্ট্রের নতুন প্রতিযোগিতা

    যুক্তরাষ্ট্র ও চীনের বিস্তৃত সমুদ্রতলদেশীয় প্রতিযোগিতার প্রেক্ষাপটে ২০২৬ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএসসিসি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সমুদ্র জরিপ কার্যক্রম দেশটির ‘ট্রান্সপারেন্ট ওশান’ বা স্বচ্ছ মহাসাগর ধারণার মতো বহুস্তরবিশিষ্ট নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে।

    এসব জরিপ থেকে প্রাপ্ত তথ্য পানির নিচে সেন্সর স্থাপনের স্থান নির্ধারণ, সাবমেরিনের চলাচলের পথ পরিকল্পনা এবং সাবমেরিনবিরোধী যুদ্ধ পরিচালনায় কাজে লাগতে পারে।

    প্রতিবেদনে অবশ্য স্বীকার করা হয়েছে, সমুদ্রতলের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য একীভূত করা এবং দীর্ঘ সময় ধরে সেন্সর কার্যকর রাখার ক্ষেত্রে এখনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে।

    তা সত্ত্বেও এসব উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সমসংখ্যক সাবমেরিন তৈরি করা নয়; বরং ফার্স্ট আইল্যান্ড চেইনের অভ্যন্তরীণ জলসীমায় মার্কিন সাবমেরিনগুলোর গোপনে চলাচলের সুবিধা কমিয়ে দেওয়া।

    বিশেষত তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সাবমেরিন অভিযানকে আরও ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল করে তোলাই এসব কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তবে চীন সমুদ্রতলের মানচিত্র তৈরি ও নজরদারির সক্ষমতা বাড়ালেও আশপাশের জলসীমায় যুক্তরাষ্ট্রের ডুবো সামরিক তৎপরতাও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

    চীনা গবেষণা প্রতিষ্ঠান সাউথ চায়না সি স্ট্র্যাটেজিক সিচুয়েশন প্রোবিং ইনিশিয়েটিভের (এসসিএসপিআই) ২০২৬ সালের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরে অন্তত একটি পারমাণবিক শক্তিচালিত গাইডেড-মিসাইল সাবমেরিন (এসএসজিএন) এবং ১১টি পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন (এসএসএন) মোতায়েন করেছিল।

    দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং জাভা সাগরজুড়ে এসব মোতায়েনের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে যুক্তরাষ্ট্রের প্রতিরোধক্ষমতার বার্তা দেওয়া।

    অন্যদিকে চীনের সামুদ্রিক জরিপ কার্যক্রমের বিস্তার ও পরিধি দেশটির পারমাণবিক সাবমেরিন বহর সম্প্রসারণের সঙ্গেও সম্পর্কিত।

    ২০২৬ সালের মার্চে ইউএসসিসির সামনে দেওয়া সাক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাইক ব্রুকস জানান, চীনের সাবমেরিন বহরে ৬০টির বেশি জাহাজ রয়েছে। এর মধ্যে ছয়টি পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন, অন্তত দুটি পারমাণবিক শক্তিচালিত গাইডেড-মিসাইল সাবমেরিন, ছয়টি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন (এসএসবিএন) এবং ৫০টির বেশি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন রয়েছে।

    তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১০ সালের পর থেকে চীন সাবমেরিন নির্মাণ কারখানাগুলোর সক্ষমতা দ্বিগুণের বেশি বাড়িয়েছে। বর্তমানে দেশটি বছরে একটির বেশি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের সক্ষমতা অর্জন করেছে।

    ফলে দেশটির সাবমেরিন নির্মাণ কার্যক্রম ধীরে ধীরে ডিজেল-ইলেকট্রিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ পারমাণবিক শক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে।

    ব্রুকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে চীনের সাবমেরিন সংখ্যা প্রায় ৭০টিতে পৌঁছাতে পারে। এ সময় বহরে ছয়টি পর্যন্ত গাইডেড-মিসাইল সাবমেরিন, তিনটি তুলনামূলক ছোট আকারের পারমাণবিক আক্রমণকারী সাবমেরিন এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত হতে পারে। পাশাপাশি পুরোনো কিছু সাবমেরিন অবসর দেওয়া হবে।

    ২০৩৫ সালের মধ্যে চীনের সাবমেরিন বহর ৮০টিতে পৌঁছাতে পারে, যার প্রায় অর্ধেক হবে পারমাণবিক শক্তিচালিত।

    আর ২০৪০-এর দশকের শুরুর দিকে দেশটির বহরে নতুন প্রজন্মের ২০ থেকে ৩০টি গাইডেড-মিসাইল ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন থাকতে পারে।

    এই সম্প্রসারণ চীনকে ফার্স্ট আইল্যান্ড চেইনের বাইরেও দূরবর্তী সমুদ্রে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

    বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের কৌশলগত অবস্থান

    ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি বিশ্লেষণ করে ২০২৬ সালের আগস্টে ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসির (আইএসডিপি) জন্য লেখা এক বিশ্লেষণে জে. মোহন মালিক উল্লেখ করেন, বেইজিং তার সমুদ্র জরিপ কার্যক্রমকে বৈজ্ঞানিক ও সামুদ্রিক গবেষণা হিসেবে উপস্থাপন করলেও এসব তথ্য সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব।

    বিশেষ করে ভারতের পূর্ব উপকূল ও মালাক্কা প্রণালির কাছাকাছি এলাকায় সাবমেরিন পরিচালনা, সাবমেরিনবিরোধী যুদ্ধ এবং চীনের বেইদৌ স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত সমুদ্রতলদেশীয় সেন্সর ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে এসব জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    মালিকের মতে, চীনের এই জরিপ কার্যক্রমকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

    পাকিস্তানের গোয়াদর ও শ্রীলঙ্কার হাম্বানটোটার মতো বেসামরিক ও সামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য বন্দর, মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জে সংকেত গোয়েন্দা তথ্য সংগ্রহের (সিগিন্ট) স্থাপনা এবং ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির সঙ্গে এসব কার্যক্রমের কৌশলগত সম্পর্ক রয়েছে।

    তাঁর বিশ্লেষণ অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে চীন ভারত মহাসাগরে স্থায়ী প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে।

    একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের সামরিক উপস্থিতির বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করাও বেইজিংয়ের অন্যতম লক্ষ্য।

    ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সমুদ্র জরিপ কার্যক্রম এখন পানির নিচে নজরদারি, যোগাযোগ কেবল বিচ্ছিন্ন করার সম্ভাব্য সক্ষমতা এবং পারমাণবিক সাবমেরিনের বিস্তৃত অভিযান পরিচালনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে উঠছে।

    এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো সম্ভাব্য সংকটের আগেই সমুদ্রতলের পরিস্থিতি সম্পর্কে কতটা কার্যকর তথ্য সংগ্রহ করতে পারে, গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোকে কতটা সুরক্ষিত রাখতে পারে এবং বিকল্প যোগাযোগব্যবস্থা ও সামরিক প্রতিরোধক্ষমতা কতটা শক্তিশালী করতে পারে—তার ওপরই অনেকাংশে নির্ভর করবে সমুদ্রের গভীরে ভবিষ্যৎ শক্তির ভারসাম্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    এআইয়ের উত্থানে শক্তিশালী ডলার, ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?

    নভেম্বর 20, 2026
    ব্যাংক

    ব্যাংক একীভূতকরণ উদ্যোগ: আস্থা ফিরবে নাকি বাড়বে অস্থিরতা?

    নভেম্বর 20, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ২৩ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ প্রকল্প কি শেষ পর্যন্ত ডুবতে চলেছে?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.