ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “প্রিয় নাগরিকবৃন্দ, আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।”
তিনি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া পাইলট একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। ট্রাম্প বলেন, “আমি আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন। তাকে উদ্ধার করতে কয়েক ডজন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল, যেগুলোতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরণঘাতি অস্ত্র ছিল। তবে তিনি সামান্য আহত হয়েছেন।”
শুক্রবার ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা রাতেই ইরানে প্রবেশ করে।
অন্যদিকে, ওই নিখোঁজ পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি চালায় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে।
সবশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী নিরাপদভাবে ওই পাইলটকে ইরান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

