মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই নমনীয়তা দেখাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এই স্থগিতাদেশের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাম্প জানান, ‘আজ রাতে ইরানের ওপর যে শক্তিশালী হামলার পরিকল্পনা ছিল, পাকিস্তানের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার প্রস্তাব দেওয়া হয়েছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে।
দুই দেশের মধ্যে অতীতের বেশিরভাগ মতপার্থক্য দূর হয়েছে বলেও জানান তিনি। তার মতে, আগামী দুই সপ্তাহ এই সম্ভাব্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাজ করবে।
ট্রাম্প এই উদ্যোগকে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি মনে করেন, এর মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল সংকট সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব।
তবে এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

