যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ চতুর্দশ লিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের বিরল সমালোচনা করেছেন। তিনি ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকিকে ‘সত্যিই অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। সূত্র: নিউইয়র্ক টাইমস
মঙ্গলবার ইতালিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য যে মার্কিন প্রেসিডেন্টের দিকেই ইঙ্গিত করছে তা স্পষ্ট ছিল। তিনি বলেন, “ইরানের পুরো জাতির বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেই পোপ এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিষয়টি শুধু আন্তর্জাতিক আইনের নয় বরং একটি গভীর নৈতিক প্রশ্ন, যা একটি জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে জড়িত।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত না করে, তবে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেবেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ, ফলে এই হুমকি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পোপ তার প্রথম বছরগুলোতে সরাসরি মার্কিন রাজনীতি নিয়ে মন্তব্য এড়িয়ে চললেও সাম্প্রতিক সময়ে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।
মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের জন্য ধর্মীয় আহ্বান জানালে পোপ তারও সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, যিশুর নামে যুদ্ধকে বৈধতা দেওয়া উচিত নয় এবং ধর্মকে আধিপত্য বিস্তারের হাতিয়ার বানানো সম্পূর্ণভাবে তার শিক্ষার পরিপন্থী।
ইস্টারের প্রাক্কালে বিশেষ প্রার্থনায় পোপ বলেন, খ্রিষ্টীয় আদর্শকে বিকৃত করা হয়েছে এবং এটি যিশুর প্রকৃত পথের বিরোধী। ইস্টারের দিন তিনি আবারও বিশ্ব শান্তির আহ্বান জানান এবং সংঘাত পরিহারের ওপর গুরুত্ব দেন।
পোপ শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেন, “আলোচনায় ফিরে আসুন, সংলাপ করুন এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজুন।”
এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

