ইরান যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও দৃশ্যমান হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ঘিরে গড়ে ওঠা ম্যাগা সমর্থকদের পণ্য বিক্রির একটি দোকান বিক্রি কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। দোকানটির মালিক সরাসরি এই পরিস্থিতির জন্য ইরান যুদ্ধকেই দায়ী করেছেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ট্রাম্প ও তার ম্যাগা আন্দোলন ঘিরে পণ্য বিক্রির একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানটির মালিকের দাবি, যুদ্ধের পর ক্রেতা কমে যাওয়াই এর প্রধান কারণ।
ইলিনয় অঙ্গরাজ্যের ক্রিস্টাল লেক এলাকায় অবস্থিত ‘ট্রাম্প ট্রুথ স্টোর + হ্যাংআউট’-এর মালিক লিসা ফ্লেইশম্যান সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় দোকান বন্ধের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে।’
পরে শিকাগো ট্রিবিউন-কে তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বিমান হামলা শুরুর পর থেকেই তার দোকানের রাজনৈতিক টি-শার্ট ও স্মারক পণ্যের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়। লাল ক্যাপ, পতাকা এবং বিভিন্ন স্লোগানযুক্ত পোশাকের চাহিদা প্রায় বন্ধ হয়ে পড়ে।
ফ্লেইশম্যান বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই বিক্রি অত্যন্ত ধীর হয়ে যায় এবং ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়ে। তার মতে, ক্রেতারা এখন অনিশ্চয়তায় ভুগছেন এবং রাজনৈতিক অবস্থান প্রকাশে অনেকে অস্বস্তি বোধ করছেন।
তিনি আরও জানান, দোকান চালাতে গিয়ে তিনি ভাড়ার অর্ধেকও তুলতে পারছিলেন না। যদিও শুরু থেকেই এটি লাভের উদ্দেশ্যে নয় বরং সমর্থকদের জন্য চালু করেছিলেন, তবুও ক্রমবর্ধমান খরচের কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
দোকানটি এর আগে হান্টলি থেকে ক্রিস্টাল লেকে স্থানান্তর করা হয়েছিল। আগের স্থানে ট্রাম্পের পূর্ণ আকারের ফোলানো প্রতিকৃতি প্রদর্শন নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং ভবনের নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। ওই প্রতিকৃতিকে ঘিরে সেখানে পাল্টাপাল্টি বিক্ষোভও হয়েছিল।
নতুন স্থানে শুরুতে বিক্রি ভালো থাকলেও যুদ্ধ শুরুর পর পরিস্থিতির অবনতি ঘটে। ফ্লেইশম্যান জানান, অতীতেও শুল্ক ঘোষণার সময় এমন ধস নেমেছিল। তবে তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে গ্রীষ্মে ব্যবসা আবার বাড়তে পারে।
এদিকে ইরানে হামলা শুরুর পর ট্রাম্পের রাজনৈতিক বলয়ের মধ্যেও বিভাজন তৈরি হয়েছে। যুদ্ধপন্থি ও যুদ্ধবিরোধী অবস্থানের মধ্যে মতপার্থক্য বেড়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এই যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন তুলনামূলক কম, যদিও রক্ষণশীলদের একটি অংশ ট্রাম্পের প্রতি সমর্থন ধরে রেখেছে।

