যুক্তরাষ্ট্র ও ইরান আবারো আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে। সেই বৈঠক কোথায় হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সূত্র: আল-জাজিরা
বর্তমানে দুটি সম্ভাব্য স্থান বিবেচনায় রয়েছে। এদের একটি হলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং অপরটি হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।
সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে সূত্রগুলো জানায়, এমন বেশ কিছু বিষয় আছে যেগুলোতে দুই রাষ্ট্রের সমঝোতায় পৌঁছানো সম্ভব। এর মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু।
গণমাধ্যমে যা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ২০ বছরের সময়সীমা চায়, আর ইরান প্রস্তাব দিচ্ছে পাঁচ বছর। যেভাবেই হোক, এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা স্পষ্ট করে বলেছেন, এই প্রণালির ভবিষ্যৎ আগের মতো থাকবে না।
এছাড়া রয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি, যার পরিমাণ ৪৫০ কেজির (প্রায় ১,০০০ পাউন্ড) বেশি। যুক্তরাষ্ট্রের মতে, এটি ধ্বংসপ্রাপ্ত ইরানের একটি পারমাণবিক স্থাপনার ভেতরে সংরক্ষিত আছে।
অন্যদিকে, ইরান বলছে, এটি সরিয়ে নেওয়া হবে এবং ৩ শতাংশের নিচে কমিয়ে ফেলা সম্ভব।

