মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক তথ্য সামনে এনেছে ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গোপনে চীনের একটি গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করে তা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে। এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যবেক্ষণের সক্ষমতা অর্জন করেছে তেহরান।
প্রতিবেদন অনুযায়ী, ‘টিইই–০১বি’ নামের এই স্যাটেলাইটটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আর্থ আই’ তৈরি ও উৎক্ষেপণ করেছিল। পরবর্তীতে ২০২৪ সালের শেষ দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ইউনিট এর নিয়ন্ত্রণ গ্রহণ করে।
এই নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান শুধু একটি নজরদারি প্রযুক্তিই হাতে পায়নি, বরং একটি কার্যকর কৌশলগত গোয়েন্দা সক্ষমতাও অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের স্যাটেলাইট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বোঝা এবং সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইন্যান্সিয়াল টাইমস আরও দাবি করেছে, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এমনকি চলতি বছরের মার্চ মাসে কিছু স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে স্যাটেলাইটটি থেকে ছবি সংগ্রহ করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিংভিত্তিক প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান ‘এমপোস্যাট’-এর গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পেয়েছে। এর ফলে তারা শুধু আঞ্চলিক নয়, বরং এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকেও স্যাটেলাইট ডেটা সংগ্রহ করতে পারছে।
তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন কিংবা চীনা কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চীনা দূতাবাস অবশ্য এই প্রতিবেদনকে ‘বানোয়াট অপপ্রচার’ বলে নাকচ করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে স্যাটেলাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির ছবি সংগ্রহ করে। এরপর ১৪ মার্চ সেখানে মার্কিন ঘাঁটিতে হামলার খবর প্রকাশ পায়। একই সময়ে জর্ডান, বাহরাইন এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতেও নজরদারি চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
সব মিলিয়ে এই তথ্য যদি সত্য হয়, তাহলে এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্যে গোয়েন্দা যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে। যেখানে স্যাটেলাইট এখন আর শুধু যোগাযোগ বা আবহাওয়ার মাধ্যম নয়—বরং সরাসরি সামরিক শক্তির অংশ হয়ে উঠছে।

