ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেলাউই জেলায়। আজ শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের। এটি একটি স্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার মালিকানাধীন ছিল। উদ্ধারকারী দলের প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, বৃহস্পতিবার মেলাউই এলাকার একটি পাম বাগান থেকে উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলটি ছিল খাড়া পাহাড়ি এবং ঘন জঙ্গলে ঘেরা, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত। দুর্গম এলাকা ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধার অভিযান চালাতে সময় লাগে। পরে সেখানে পৌঁছে উদ্ধারকারীরা হেলিকপ্টারের ২ জন ক্রু ও ৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করে। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে ছিল। কীভাবে এই বিচ্ছিন্নতা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় কারণ অনুসন্ধানে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে।

