যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ট্রাম্পের ভাষায়, “এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয়, সেই বৈঠকেই আমরা একটি চুক্তিস্বাক্ষর দেখতে পাবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে হতে যাচ্ছে সেই বৈঠক।”
এর কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষ করেছেন। তার দাবি অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
এদিকে সংঘাতের প্রেক্ষাপট নিয়ে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এর দুই দিন পর, ২ মার্চ থেকে লেবাননে পৃথকভাবে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
পরিস্থিতির অবনতির মধ্যে আইডিএফের হামলায় ২ এপ্রিল থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যেতে বাধ্য হয়েছেন।

