লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে ইসরায়েলি বাহিনীর একজন সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার, পরে রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একটি এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন অবস্থানে একটি ইঞ্জিনিয়ারিং গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যাতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিরা আহত হন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে, চারজন মাঝারি এবং বাকি চারজন তুলনামূলকভাবে কম আহত হয়েছেন। পরে হেলিকপ্টারের মাধ্যমে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোথায় নিরাপত্তা ব্যর্থতা হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এলাকাটিতে আগে থেকেই পুঁতে রাখা বিস্ফোরকের উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা এমন সময় ঘটল যখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সীমিত সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চলে এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

