কাশ্মীর অঞ্চলে আবারও ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। সমাবেশ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী এগিয়ে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, ঘটনাটিতে চারজন পুলিশ কর্মকর্তা, ছয়জন বিক্ষোভকারী এবং একজন পথচারী নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিরাপত্তা বাহিনী প্রথমে সমাবেশের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং প্রাণহানির ঘটনা ঘটে। তাদের অভিযোগ, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।
ঘটনার আগে থেকেই এলাকাটিতে রাজনৈতিক উত্তেজনা চলছিল। আগামী ২৭ জুলাই নির্ধারিত সাধারণ নির্বাচনকে ঘিরে স্থানীয় নাগরিক অধিকারভিত্তিক সংগঠন আন্দোলন ও ধর্মঘটের ডাক দিয়েছিল। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোবাইল ইন্টারনেট বন্ধসহ একাধিক বিধিনিষেধ আরোপ করে।
এরও আগে একটি বিতর্কিত আইন ঘিরে ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলে উত্তেজনা আরও বাড়ে। এরপর থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতাকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। দীর্ঘদিন ধরে চলমান সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষ—যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে ক্ষোভ—এই আন্দোলনকে আরও জোরালো করেছে।
এদিকে সংঘর্ষের পর পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে এবং নতুন করে উত্তেজনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।
মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে সংলাপের আহ্বান জানানো হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই স্পষ্ট সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।
সিভি/এইচএম

