হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত বুধবার ইঞ্জিন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর প্রথমে তিনজন নাবিক নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়, নিখোঁজ থাকা তিনজনই প্রাণ হারিয়েছেন।
ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের সবাই মারা গেছেন। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও প্রতিবেদনে উল্লেখ করেছে।
হামলার শিকার জাহাজটির নাম ‘সেত্তেবেল্লো’। এটি একটি তেলবাহী ট্যাংকার এবং হামলায় এর ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক।
ওমানের সোহর বন্দরের কাছাকাছি, রাজধানী মাসকাট থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজ থেকে জরুরি সাহায্যের আবেদন জানানো হয়।
পরবর্তীতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরান-সম্পর্কিত জাহাজ চলাচল সীমিত করার প্রচেষ্টা চলছে। তাদের দাবি, যেসব জাহাজ নির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে, সেগুলোর ওপর হামলা বা বাধার ঘটনা ঘটছে।
ঘটনাটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষই একে অপরের ওপর হামলা ও পাল্টা হামলার অভিযোগ তুলছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় এই সংঘাত এখন শুধু সামরিক নয়, বরং সরাসরি মানবিক সংকটেও রূপ নিচ্ছে। বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে।

