মিডল ইস্ট আই—
গত বুধবার সন্ধ্যা ৬টায়, তিরানার কেন্দ্রস্থলে স্কান্দারবেগ স্কয়ারের বাইরে কয়েকশ আলবেনীয় জড়ো হন। কিছু বিক্ষোভকারী বক্তৃতা দিচ্ছিলেন, আর অন্যরা পোস্টার ও পতাকা নিয়ে এসে পৌঁছাচ্ছিলেন।
প্রায় আধ ঘণ্টা পর, বিক্ষোভটি আলবেনিয়ার রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্রধানমন্ত্রী এডি রামার বাসভবনের দিকে এগোতে শুরু করে। পথিমধ্যে বিক্রেতারা আলবেনিয়ার পতাকা, আলবেনিয়া-বিষয়ক স্কার্ফ, বাঁশি এবং ঐতিহ্যবাহী কেলেশে টুপি বিক্রি করছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় রাজপথ ধরে প্রায় এক কিলোমিটারজুড়ে হাজার হাজার মানুষের ভিড় জমে। লোকজন গান গাইছিল, চিৎকার করছিল, বাঁশি বাজাচ্ছিল এবং ঢোল পেটাচ্ছিল।
তাদের একটি মূল স্লোগান: “এদি রামা কা ম্বারু” — আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সময় শেষ।
রাত ৯টা নাগাদ বিক্ষোভকারীরা তিরানার কেন্দ্রস্থল দিয়ে মিছিল শুরু করে, যার ফলে অনেক গাড়ি যানজটে আটকে পড়ে। বেশিরভাগ চালক এতে কিছু মনে করেন বলে মনে হয় না। বরং তারা আলবেনিয়ার পতাকা নাড়েন, বিক্ষোভকারীদের উৎসাহিত করেন অথবা সমর্থনে হর্ন বাজান। কেউ কেউ আলবেনিয়ার পতাকা নাড়ানোর জন্য নিজেদের গাড়ির ওপরেও উঠে পড়েন।
আলবেনিয়ার রাজধানীতে ৩০ মে রাত্রিকালীন বিক্ষোভ শুরু হয়। আলবেনিয়ার বৃহত্তম দ্বীপ সাজান এবং ভিয়োসা-নার্তা প্রকৃতি সংরক্ষিত অঞ্চলের ভেতরে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের একটি বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়। এই সংরক্ষিত অঞ্চলটি ফ্লেমিঙ্গো, সামুদ্রিক কচ্ছপ, ২০০টিরও বেশি প্রজাতির পাখি এবং ৭০টিরও বেশি বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ সংস্থা অ্যাফিনিটি পার্টনার্স এই সংরক্ষিত এলাকায় শত শত কোটি ডলার ব্যয়ে নির্মাণকাজের পরিকল্পনার পেছনে রয়েছে। তাঁর স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পও এই প্রকল্পে জড়িত বলে মনে হচ্ছে, কারণ একটি ইয়ট ভ্রমণের সময় তিনি দ্বীপটি “খুঁজে পেয়েছেন” বলে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন।
২০২৪ সালে আলবেনিয়া সংরক্ষিত এলাকা-সংক্রান্ত আইন সংশোধন করে। সমালোচকদের মতে, এই পদক্ষেপটি পূর্বে সংরক্ষিত অঞ্চলগুলোতে পর্যটন বিকাশের পথ খুলে দিয়েছে। মে মাসের শেষে নির্মাণকাজ শুরু হলে, বেসরকারি ঠিকাদারদের দ্বারা সুরক্ষিত বেড়া দেওয়া স্থানটির চারপাশে স্থানীয়রা প্রতিবাদ জানায়।
নিরাপত্তাকর্মীরা একজন বিক্ষোভকারীকে মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং বিক্ষোভকে আরও উসকে দেয়।
প্রথম কয়েকদিন বিক্ষোভকারীরা ভিয়োসা-নার্তাকে কেন্দ্র করে আন্দোলন করেছিল এবং ফ্লেমিঙ্গো হাতে বিক্ষোভকারীদের ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন এই আন্দোলনের রূপ বদলে গেছে। যা একটি পরিবেশগত লড়াই হিসেবে শুরু হয়েছিল, তা এখন একটি বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা প্রকাশ্যে এই বিক্ষোভকে “পরিকল্পিত ডিজিটাল উন্মাদনা” বলে অভিহিত করেছেন এবং বিদেশি গণমাধ্যমকে পরিস্থিতিকে অতিরঞ্জিত করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে আরও বলেন: “যতদিন আমি এখানে আছি, এই বিনিয়োগ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
কিন্তু আলবেনীয়রা শুধু একটি রিসোর্ট নিয়েই ক্ষুব্ধ নয়, তারা খোদ রামার ওপরই হতাশ।
আমরা আলবেনীয়রা কিছুই পাই না
পরিবেশবাদী এনজিও রেসু-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং বিক্ষোভকারী ওলজাম ডেরভিশি বলেন যে, এই প্রকল্পটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। কারণ, যদি রিসোর্টটি নির্মিত হয়, তার মানে হবে “যেখানে যেখানে সংরক্ষিত এলাকা আছে, সেগুলো আর সুরক্ষিত থাকবে না”।
“এই প্রকল্পটি হওয়া উচিত নয়,” ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি বলেন। “যদি তারা উন্নয়ন করতে চায়, তবে তাদের অন্য কোথাও করা উচিত।”
|
কিন্তু যদিও অনেক বিক্ষোভকারী এই প্রকল্প নিয়ে অসন্তুষ্ট, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু বদলে গেছে।
“আমি মনে করি না এটি আর সংরক্ষিত এলাকা বা পরিবেশের প্রশ্ন,” বলেন ডেরভিশি।
“মানুষের মনে হয়, সিদ্ধান্তগুলো জনগণের জন্য নয়, বরং বিনিয়োগকারীদের জন্য নেওয়া হয়। আর সে কারণেই তারা ক্ষুব্ধ।”
প্রোগ্রামিংয়ের ছাত্রী জনিদা, যিনি প্রথম দিন থেকেই বিক্ষোভে আসছেন, বলেন যে এই বিক্ষোভগুলো শুধু প্রকল্পটি বা ট্রাম্পকে নিয়ে নয়।
“অন্য কোনো শতকোটিপতি হলেও আমরা এখানেই থাকতাম,” তিনি বলেন। “কারণ আসল সমস্যাটা হলো দেশটাকে বিক্রি করে দেওয়ার নীতি।”
তার মতে, সরকারের প্রকৃত অগ্রাধিকার হওয়া উচিত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা এবং সেই সঙ্গে তেলের দাম কমানো।
“আগে এর সমাধান করতে হবে,” তিনি বলেন। “এরপর অভিজাতদের জন্য পর্যটনের কথা ভাবা যেতে পারে। কিন্তু তারপরেও, তা অবশ্যই সংরক্ষিত এলাকার বাইরে হতে হবে। দুর্নীতির মাধ্যমে আইন পরিবর্তন করা যায় না।”
বিক্ষোভে অংশ নেওয়া আরও অনেকের মতোই, জনিদার দাবিগুলোও আরও ব্যাপক।
“আমি আশা করি রামা পদত্যাগ করবেন,” তিনি বলেন এবং যোগ করেন যে, তিনি বিরোধী দলকেও সমর্থন করেন না। তার আদর্শ ফলাফল হবে একটি নতুন গণদলের গঠন, যা নির্বাচনে জয়ী হবে।
“আমি আশা করি এমন একটি দল আসবে, যারা আলবেনিয়ার নাগরিকদের কথা ভাববে; এমন মানুষ থাকবে, যারা দেশের জন্য কাজ করবে, টাকার জন্য নয়।”
আরেকজন ছাত্র বিক্ষোভকারী রেজার্টাও পরিবর্তনের আশা করেন। ইভাঙ্কা ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, যে তিনি একটি ইয়ট ভ্রমণে সাজান দ্বীপ আবিষ্কার করেছেন, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্থাপত্যবিদ্যার এই ছাত্রী হেসে ফেলেন। “অভিযাত্রী ইভাঙ্কা বলেন যে তিনি আমাদের দ্বীপটি খুঁজে পেয়েছেন, কিন্তু এটি তো শুরু থেকেই আমাদের ছিল।”
পরিকল্পিত রিসোর্টটি থেকে অর্থনৈতিক সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হলেও, ২১ বছর বয়সী এই তরুণী বলেন: “আমরা আলবেনীয়রা কিছুই পাব না। শুধু ইভাঙ্কা, তার বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী এবং তার বন্ধুরাই এর সুবিধা ভোগ করবে।”
স্থাপত্যবিদ্যার ওই ছাত্রীর মতে, এই প্রতিবাদগুলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতি ব্যাপক হতাশার বহিঃপ্রকাশ, যা আলবেনীয়দের মৌলিক চাহিদার চেয়ে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রকে বেশি অগ্রাধিকার দেয়।
“স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ এবং আমাদের বেতনের তুলনায় এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। আমরা আর এটা সহ্য করতে পারছি না,” রেজার্টা বলেন।
বিক্ষোভকারীদের একটি স্লোগানের পুনরাবৃত্তি করে তিনিও রামার পদত্যাগ চান, সেই সঙ্গে বিরোধীদলীয় নেতা সালি বেরিশারও। স্লোগানটি হলো: “রামা জেলে যাক; বেরিশা জেলে যাক”। ডেমোক্র্যাট পার্টির ৮১ বছর বয়সী এই সভাপতি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং ১৯৯০-এর দশকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
“আমরা জানি যে তারা একজোট হয়ে কাজ করছে,” রেজার্টা বলেন। “আমরা চাই তারা আমাদের রাজনীতি থেকে চলে যাক। আমরা নতুন মানুষ ও নতুন মুখ চাই।”
তার কাছে এই প্রতিবাদগুলো শেষ উপায়: “এখানের বেশিরভাগ মানুষই জেন জি এবং মিলেনিয়াল প্রজন্মের। অনুভব করা যায় যে, তারা সবকিছু ঠিক করতেই এখানে এসেছে—নইলে আমরা সবাই আলবেনিয়া ছেড়ে চলে যাব।”
আমরা তাদের বিশ্বাসঘাতক মনে করি
ঠিক এই কারণেই দুই সন্তানের মা হোরতেনসা বিক্ষোভে যোগ দিয়েছেন। তার উদ্দেশ্য খুবই সহজ: “আমি চাই না আমার সন্তানেরা আলবেনিয়া ছেড়ে চলে যাক।”
তার আশঙ্কা অমূলক নয়। প্রায় ১২ লাখ আলবেনীয় বিদেশে বসবাস করছেন, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
|
“ইতালি বা জার্মানির যা আছে, আমাদের তা নেই কেন?” তিনি প্রশ্ন করেন। “আমাদের যুবকদের আলবেনিয়াতেই থাকা উচিত।”
আরেকজন বিক্ষোভকারী, রেডেসও, এত বিপুল সংখ্যক আলবেনীয়র দেশত্যাগে ক্ষুব্ধ। তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে” তিনি তার আত্মীয়স্বজন ও বন্ধুদের বিদেশে চলে যেতে দেখেছেন।
রেডেস একজন দন্তচিকিৎসক হিসেবে কাজ করেন। কিন্তু তিনি বলেন যে, ভালো চাকরি থাকা সত্ত্বেও জীবন কঠিন: “বেতন খুব কম। সবাই অতিষ্ঠ হয়ে গেছে।” তিনিও চান রামা পদত্যাগ করুন।
রেডেস বলেন, তিনি মনে করেন যে এই পরিকল্পিত রিসোর্টের পেছনে রামার অর্থ উপার্জন এবং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটি উদ্দেশ্য রয়েছে। “কিন্তু কীসের বিনিময়ে?” তিনি প্রশ্ন করেন।
রেডেস যুক্তি দেন, “শ্রমজীবী শ্রেণীর কেউই ওই রিসোর্টে যেতে পারবে না। এটা ধনকুবেরদের জন্য, আমাদের জন্য নয়। যদিও এটা আমাদেরই ভূমি।”
আরেকজন বিক্ষোভকারী, ইলির, এই সবকিছু শুরু হওয়ার অনেক আগে থেকেই সরকারবিরোধী বিক্ষোভে আসছেন। তিনি বলেন যে, আগে এখানে মাত্র কয়েকশ লোক আসত। “এবার পরিস্থিতি ভিন্ন। এখানকার বেশিরভাগ মানুষ সরকার ও বিরোধী দলের উভয় নেতাকেই কারাগারে দেখতে চায়। আমরা তাদের বিশ্বাসঘাতক মনে করি।”
ইলিরের মতে, সরকার “আলবেনিয়ার সবচেয়ে সুন্দর অংশগুলো বিক্রি করে দিচ্ছে এবং ধ্বংস করছে”। তার ধারণা, সংরক্ষিত এলাকাগুলো “গোপনে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে”।
তবে তিনি এও পুনর্ব্যক্ত করেন যে, বিক্ষোভ অনেক আগেই নারতাকে ছাড়িয়ে গেছে এবং এর পরিবর্তে এমন একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যা আলবেনিয়ার সমগ্র রাজনৈতিক শ্রেণীকে প্রত্যাখ্যান করে।
এবং এর ফলে ইতোমধ্যে আংশিক সাফল্য এসেছে: আলবেনিয়ার দুর্নীতি দমন বিচার বিভাগীয় সংস্থা, স্পাক (SPAK), একটি তদন্ত শুরু করেছে এবং এই প্রকল্পে জড়িত একটি কোম্পানির সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
এছাড়াও, ইউরোপীয় কমিশন সতর্ক করেছে যে এই প্রকল্পটি আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে—যে লক্ষ্যটি ৯১ শতাংশ আলবেনীয় সমর্থন করে।
মঙ্গলবার ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান যে, কমিশনের উদ্বেগ প্রকাশের পর আলবেনিয়ার পরিবেশমন্ত্রী নির্মাণকাজ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং এর পরিবেশগত প্রভাব মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার বিক্ষোভ টানা ১৩তম দিনে গড়াবে। এখন পর্যন্ত এর কোনো শেষ দেখা যাচ্ছে না। ডেরভিশির কাছে এটাই এক বিরাট সাফল্য। তিনি বলেন, “আমার অন্যতম লক্ষ্য হলো মুখ খুলতে ভয় পাওয়ার এই অবস্থার অবসান ঘটানো।”
“এ কারণেই এই প্রতিবাদটি আমার এবং এখানে উপস্থিত সকলের জন্য এত অর্থবহ। এবং আমি খুবই আশাবাদী যে এই প্রতিবাদগুলোর সুফল আসবে, যা আলবেনিয়ার জনগণের কল্যাণে কাজ করবে।”

