যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক ও শান্তি চুক্তি রোববার সই হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তিকে মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের দলিল বলে সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা। তারা ট্রাম্পের প্রত্যাশিত ইরান শান্তিচুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সূত্র: আল-জাজিরা
এই চুক্তি নিয়ে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ এক্সে লিখেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধ শেষ। আমি আশা করি তিনি সঠিক। কিন্তু আমরা এর আগেও অনেক ভঙ্গ হওয়া প্রতিশ্রুতির সঙ্গে এমন কথা শুনেছি।’
তিনি বলেন, ‘তিনি নতুন নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু ব্যয় কমাতে পারেননি। আর এর ফলে আমেরিকার জনগণ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
অন্যদিকে, কংগ্রেসম্যান সেথ মোল্টন সম্ভাব্য এই চুক্তিকে ‘মূলত একটি আত্মসমর্পণের দলিল’ বলে অভিহিত করেছেন।
এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে মোল্টন বলেন, ‘এটি একটি ভয়াবহ চুক্তি! এটি মূলত ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের দলিল। এই যুদ্ধে ইতোমধ্যে করদাতাদের ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে, ১৪ জন আমেরিকান নিহত হয়েছেন, আর আমরা এমন একটি চুক্তি পাচ্ছি, যা শুধু সেই প্রণালীটি আবার খুলে দিচ্ছে, যা ট্রাম্প এই অহেতুক যুদ্ধ শুরু করার আগেই খোলা ছিল। এতে জয়ের কী আছে?’

