ব্রাজিলে এক ভয়াবহ আকাশ দুর্ঘটনায় দুইটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির রিওডি জেনিরো শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায়।
স্থানীয় সময় রোববার, ১৪ জুন, সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুটি হেলিকপ্টার মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে নিচে একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং লটে বিধ্বস্ত হয়।
একটি হেলিকপ্টারে পাঁচজন আরোহী ছিলেন, আর অন্যটিতে ছিলেন শুধুমাত্র পাইলট। দুর্ঘটনার পর কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ে পার্কিং লটে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে ব্যাপক বেগ পেতে হয়। কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নেভানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত গাড়িতে আগুন লাগলে সাধারণ গাড়ির তুলনায় কয়েকগুণ বেশি পানি ও সময় প্রয়োজন হয়। এই কারণেই উদ্ধার অভিযান দীর্ঘায়িত হয় এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলটি ছিল ঘনবসতিপূর্ণ একটি এলাকা। হেলিকপ্টার দুটি যদি পাশের আবাসিক এলাকায় পড়ত, তাহলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। তবে সৌভাগ্যবশত এটি একটি খালি পার্কিং লটে আছড়ে পড়ে, যার ফলে বড় ধরনের গণহতাহতের ঘটনা এড়ানো গেছে।
উদ্ধারকর্মীরা পরে ধ্বংসাবশেষ থেকে একটি হেলিকপ্টারে থাকা পাঁচজনের মরদেহ উদ্ধার করে। অন্য হেলিকপ্টারটি ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে পাইলটের মরদেহ ছিল।
এ ঘটনায় এখনো তদন্ত চলছে। কী কারণে আকাশে দুই হেলিকপ্টারের এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

