বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এসব কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, চিঠিতে বাংলাদেশের মানুষের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও এর জনগণের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ট্রাম্প চিঠিতে বলেন, বাংলাদেশের সিদ্ধান্তকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং এ সিদ্ধান্তের কথা তিনি মনে রাখবেন।
চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে সম্ভাব্য এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

