যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে শিষ্টাচার ভঙ্গের দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া এবং নীরব থাকতে বলা সেই সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
গত বুধবার ‘ভেটেরানস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অন্যতম পবিত্র যুদ্ধস্মারক ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এর সামনে দাঁড়িয়ে হেগসেথ, তাঁর স্ত্রী এবং কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা কথা বলতে বলতে ও হাসাহাসি করে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন।
এ সময় সমাধির প্রহরায় থাকা সেনাসদস্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের দিকে এগিয়ে গিয়ে উচ্চকণ্ঠে সতর্ক করেন, ‘সব দর্শনার্থীকে সার্বক্ষণিক নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
পরে পেন্টাগন জানায়, ‘টম্ব অব দ্য আননোন সোলজারে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ’ ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দেওয়া হয়েছে।
নিজ হাতে পদক পরিয়ে দিলেন হেগসেথ
হেগসেথের নিজস্ব এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি নিজে উপস্থিত থেকে ইগলেসিয়াসের বুকে পদক পরিয়ে দিচ্ছেন।
এ সময় ৩য় মার্কিন ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আরও কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত এই ইউনিটের সদস্যরাই আর্লিংটনের অজ্ঞাত সেনার সমাধি সার্বক্ষণিক পাহারা দেন।
ছবির ক্যাপশনে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম ও শৃঙ্খলাকে ভালোবাসি। সাবাশ স্পেশালিস্ট। এগিয়ে চলো দেশপ্রেমিকেরা।’
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলও এক বিবৃতিতে ওই সেনাসদস্যের ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘এই ভাবগম্ভীর দিনটি উদযাপনের সময় এক সেনাসদস্য অত্যন্ত সঠিক ও সম্মানজনকভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন।’
পার্নেল আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা দপ্তর সবসময় তাঁদের আত্মত্যাগকে সম্মান জানায়, যারা আমেরিকার নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করেছেন।
আর্লিংটনে কঠোর শিষ্টাচার
আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের সেখানে নিচু ও সংযত স্বরে কথা বলতে হয়। অসম্মানজনক, উচ্চকণ্ঠ বা বিশৃঙ্খল আচরণ পুরোপুরি নিষিদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাত সেনার স্মরণে নির্মিত ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র জাতীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত।
১৯৪৮ সাল থেকে ৩য় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা এই সমাধি পাহারা দিয়ে আসছেন।
সিবিএস নিউজ জানিয়েছে, দর্শনার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে তাঁদের এভাবে সতর্ক করা প্রহরীদের নিয়মিত দায়িত্বেরই অংশ। দিনে একাধিকবার এমন সতর্কতা দিতে হয় তাঁদের।
একই অনুষ্ঠানে ছিলেন ট্রাম্প ও ভ্যান্স
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা আর্লিংটনের বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ইরান যুদ্ধে নিজের প্রশাসনের কথিত সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘চমৎকার কাজ’ করছেন বলেও প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে গত মঙ্গলবার ক্যাপিটল হিলে হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রতিনিধি পরিষদে সেটি নাকচ হয়ে যায়।
হেগসেথ ওই অভিশংসন প্রচেষ্টাকে ‘প্রহসন’ এবং ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে অভিহিত করেছেন।

